সাঈদী জামিন পাননি ১১ জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন আবার খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার শুনানি শেষে ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত আদেশ দেন। আদেশে আগামী ১১ জুলাইয়ের মধ্যে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দেওয়া হয়।গতকাল ছিল সাঈদীর ট্রাইব্যুনালে হাজিরার ধার্য দিন। সকাল ১০টার দিকে সাঈদীকে অ্যাম্বুলেন্সে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। অসুস্থতার কারণে তাঁকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার আগে সাঈদী অসুস্থতা বোধ করলে তাঁকে হাসপাতালে ফেরত পাঠানো হয়। এরপর শুনানি শুরু হয়। শুনানি: শুরুতেই প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী) সৈয়দ হায়দার আলী ট্রাইব্যুনালকে বলেন, আধঘণ্টা আগে তদন্ত সংস্থা সাঈদীর বিরুদ্ধে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদনের দিকে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, খুব শিগগির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।এরপর আসামি পক্ষের আইনজীবী তানভির আহমেদ আল-আমিন সাঈদীর জামিনের আবেদন করেন। তিনি বলেন, সাঈদীকে ১১ মাস ধরে আটক রেখে তাঁর বিরুদ্ধে তদন্ত হয়েছে। এখন তদন্ত শেষ। কারাগারের বাইরে থাকলে তিনি তদন্তকাজে প্রভাব ফেলবেন—এমন সম্ভাবনা আর নেই। এ ছাড়া সাঈদী গুরুতর অসুস্থ। সুচিকিৎসার জন্য তাঁর জামিন দরকার। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, সাঈদী চিকিৎসাধীন। তাই চিকিৎসার জন্য তাঁকে জামিন দেওয়ার যৌক্তিকতা নেই। এ ছাড়া সাঈদীর বিরুদ্ধে মামলার প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) প্রতিষ্ঠিত হয়েছে। এ জন্য তাঁকে জামিন দেওয়া যায় না। শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেন। এর আগে ট্রাইব্যুনাল গত ২০ এপ্রিল সাঈদীর জামিন আবেদন খারিজ করে। চার নেতার হাজিরা আজ, কামারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের শুনানি: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে আজ বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত ২১ এপ্রিল ট্রাইব্যুনাল জামায়াতের এই চার নেতার জামিন আবেদন খারিজ করে আজ বুধবার হাজিরার দিন ধার্য করেন। ওই দিন তাঁদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদনও জমা দিতে প্রসিকিউটরদের নির্দেশ দেওয়া হয়। অগ্রগতি প্রতিবেদন ইতিমধ্যে প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এদিকে, কামারুজ্জামানকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত আবেদনটিরও শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা আছে।