পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে বলেছেন, একাত্তরে পিরোজপুরের পারেরহাটে পাকিস্তানি সেনা ও রাজাকাররা লুটের মালামাল দিয়ে পাঁচ তহবিল নামে একটি তহবিল গঠন করেছিল। সাঈদী ওই পাঁচ তহবিলের কোষাধ্যক্ষ ছিলেন। যুদ্ধকালীন গোয়েন্দাদের কাছ থেকে তিনি এ কথা শুনেছেন।জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী হিসেবে আউয়াল আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আউয়াল জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পিরোজপুর মহকুমার ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পিরোজপুরের পিটিআই মাঠে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে তিনি প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। প্রশিক্ষণ চলাকালে জানা যায়, পাকিস্তানি সেনারা বরিশাল দখল করেছে ও ঝালকাঠি পর্যন্ত পৌঁছে গেছে, তারা পিরোজপুরে চলে আসতে পারে। ওই সংবাদ পেয়ে প্রশিক্ষণরত ব্যক্তিরা ভারতসহ বিভিন্ন স্থানে চলে যান। তিনি বাগেরহাটের মোরলগঞ্জের জিউদানা গ্রামে চলে যান। কিছুদিন পর সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের সঙ্গে তাঁর দেখা হয় এবং তাঁরা সুন্দরবনে চলে যান।ট্রাইব্যুনালে সাংসদ বলেন, সুন্দরবনে প্রশিক্ষণ ক্যাম্প বড় আকার ধারণ করলে এটিকে সাব-সেক্টরে উন্নীত করা হয়। তিনি ওই সাব-সেক্টরের হেডকোয়ার্টার্সের দায়িত্বে ছিলেন। এ সময় বিভিন্ন জায়গায় বেসামরিক মানুষের মধ্যে মুক্তিযোদ্ধাদের গোয়েন্দা নিয়োগ করা হয়। চিথলিয়া গ্রামের শহীদ উদ্দিন পসারি, রইজ উদ্দিন পসারি ও নূরুল ইসলাম মুক্তিযোদ্ধাদের পক্ষে গোয়েন্দা হিসেবে কাজ করতেন।একাত্তরের মে মাসে পাকিস্তানি সেনারা হুলারহাট হয়ে পিরোজপুর এবং সেখান থেকে পারেরহাটে আসে। মে মাসের শেষের দিকে পাকিস্তানি সেনারা আসার পরে পিরোজপুরে শান্তি কমিটি গঠন করে। পারেরহাটে সেকান্দার আলী শিকদারের নেতৃত্বে শান্তি কমিটি এবং পরে রাজাকার বাহিনী গঠিত হয়। দানেশ মোল্লা শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিল। উর্দুভাষী পাকিস্তানি সেনাদের ভাষার সুবিধার জন্য পরে সাঈদীকে নেওয়া হয়েছিল। এই পাকিস্তানি সেনা ও রাজাকাররা মিলে পারেরহাটের একটি দোকান থেকে ২২ সের স্বর্ণ লুট করে। এ কারণে পারেরহাটের নাম হয় সোনারহাট।সাংসদ আউয়াল গোয়েন্দাদের মাধ্যমে শুনেছেন, মদন মোহন সাহার যে ঘরটি লুট হয়েছিল, সাঈদী ওই ঘরটি নিজের শ্বশুরবাড়িতে নিয়ে তুলেছিলেন। চিথোলিয়া গ্রামের নুরুল ইসলাম, রইছউদ্দিন পসারি, সইজউদ্দিন পসারি, মানিক পসারিসহ হিন্দুসম্প্রদায়ের মানুষের অনেক বাড়িঘর রাজাকাররা পুড়িয়ে দেয়। তিনি বলেন, পিরোজপুরের পাশে ডুমুরতলা, কদমতলা, টেংরাখালী, উমেদপুর গ্রামসহ অনেক এলাকা পাকিস্তানি সেনা ও রাজাকাররা পুড়িয়ে দেয়। তারা ওই এলাকায় লুট, ধর্ষণ, হত্যাকাণ্ড, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন ঘটনা ঘটায়। দুপুর সোয়া ১২টা পর্যন্ত আউয়াল ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।