বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার সদস্যরা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন।অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অুনষ্ঠিত এক ব্রিফিংয়ে আইনজীবী প্যানেলের সদস্য মোখলেছুর রহমান বলেন, ট্রাইব্যুনাল গত ২ নভেম্বর দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেলুর বিরদ্ধে অভিযোগ তদন্তের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। পিরোজপুরে তাঁর বিরুদ্ধে অপরাধের তথ্যাদি, প্রামাণ্যচিত্র ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে যথার্থ সময়ের প্রয়োজন। অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে। ইতিপূর্বে নির্ধারিত ২৯ ডিসেম্বর এর ওপর শুনানি হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগপর্যন্ত (ফরমাল চার্জ) তাঁকে আটক রাখার আবেদন জানানো হয়েছে। ওই দিন এ আবেদনের ওপর শুনানি হবে বলেও তিনি জানান।