জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আটক রাখার বিষয়ে করা আবেদনের ওপর শুনানি হবে আগামী ১২ অক্টোবর।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার শুনানির এই দিন ধার্য করেন।একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে সাঈদীকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ২ আগস্ট ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। তাঁর উপস্থিতিতে আবেদনটির ওপর গতকাল শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সাঈদী অসুস্থ থাকায় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউর) সৈয়দ হায়দার আলী নতুন যুক্তি দিয়ে একটি সম্পূরক আবেদন জমা দেন। এতে বলা হয়, সাঈদীকে আটক বা গ্রেপ্তার রাখা না হলে তিনি মুক্ত অবস্থায় দেশ ত্যাগ বা পালিয়ে যেতে পারেন। এ ছাড়া তিনি তদন্তকাজে বাধা সৃষ্টি করতে পারেন। তথ্য-প্রমাণ বিনষ্টের আশঙ্কাও রয়েছে।এ সময় সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, সাঈদীকে মঙ্গলবার সুস্থ অবস্থায় হাজির করা হয়। তিনি সুস্থ আছেন জেনেছি। ট্রাইব্যুনালে হাজির করার মতো অবস্থা তাঁর ছিল। কিন্তু তাঁকে হাজির না করে সময়ক্ষেপণ করছে প্রসিকিউশন। তাদের সম্পূরক আবেদন দাখিল করা ন্যায়বিচার ও ফৌজদারি বিচার পদ্ধতির পরিপন্থী।এ সময় ট্রাইব্যুনাল তাজুল ইসলামের উদ্দেশে বলেন, ‘আবেদনের ওপর শুনানির সময় আপনাকে সুযোগ দেওয়া হবে। তখন আপনার বক্তব্য শুনব।’এই পর্যায়ে সৈয়দ হায়দার আলী বলেন, প্রসিকিউশন সম্পর্কে এমন কিছু বলা ঠিক নয়, যা ব্যক্তিগত পর্যায়ে পড়ে।জামায়াত নেতাদের অপর কৌঁসুলি ফখরুল ইসলাম বলেন, মামলার এই পর্যায়ে অভিযুক্ত নয় এমন কোনো ব্যক্তিকে ট্রাইব্যুনাল হাজির করার নির্দেশ দিতে পারেন কি না? ট্রাইব্যুনাল বলেন, ‘ট্রাইব্যুনাল তা পারে। আপনি এখন বসুন।’এ সময় প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ, আইনজীবী প্যানেলের সদস্য জেয়াদ আল্ মালুম, আলতাফ হোসেন এবং জামায়াত নেতাদের পক্ষে জসিমউদ্দিন সরকার, মাসুদ আহমেদ সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন। আদেশ প্রসঙ্গে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, অসুস্থ থাকায় এবং চলাচলে অসমর্থ হওয়ায় সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা যায়নি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। আগের আদেশে তাঁর উপস্থিতিতে শুনানির কথা বলা হয়েছে। তাঁর উপস্থিতিতে ১২ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে।এর আগে মঙ্গলবার সাঈদীকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন ট্রাইব্যুনাল তাঁকে বুধবার হাজির করার নির্দেশ দিয়েছিলেন।