সাঈদীকে গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন, শুনানি ৪ আগস্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আটক বা গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর ৪ আগস্ট শুনানি অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।এর আগে সকালে সাঈদীকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। দুপুর ১২টা ২০ মিনিটে আইনজীবী জেহাদ আল মালুমের নেতৃত্বে আইনজীবীদের প্রতিনিধিদল ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আবেদনটি জমা দেয়।এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী বলেন, সাঈদীকে গ্রেপ্তার বা আটক দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। এখন আদালত শুনানির দিন ধার্য করবেন। তদন্ত সংস্থার সদস্য আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গতকাল রোববার সাঈদীকে আটক বা গ্রেপ্তারের জন্য নির্দেশনা চেয়ে প্রসিকিউশন শাখায় আবেদনটি করা হয়।