সাঈদীকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে ১২ অক্টোবর শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ১২ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেছে।শারীরিক অসুস্থতার কারণে আজ সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তবে আজ তাঁর হাজির থাকার কথা ছিল। আজ সকাল ১০টা ৩৫ মিনিটে চেয়ারম্যানসহ তিনজন বিচারপতি এজলাসে ওঠেন। এ পর্যায়ে সাঈদীকে আটক বা গ্রেপ্তার দেখানোর বিষয়ে একটি সম্পূরক আবেদন জমা দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) সৈয়দ হায়দার আলী। ট্রাইব্যুনাল এ সময় সাঈদীর কৌঁসুলি তাজুল ইসলাম সম্পূরক আবেদনের অনুলিপি পেয়েছেন কি না তা জানতে চান। তাজুল ইসলাম অনুলিপি পেয়েছেন বলে জানান।ট্রাইব্যুনাল বলেন, কারা কর্তৃপক্ষ চিঠির মাধ্যমে জানিয়েছে, সাঈদী অসুস্থ। তাঁর উপস্থিতিতে পরবর্তী দিনে শুনানি অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে সাঈদীর আরেক কৌঁসুলি ফখরুল ইসলাম বলেন, ‘সাঈদীকে হাজিরের বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। মামলার এ পর্যায়ে তাঁকে হাজির করার নির্দেশ দেওয়া যায় না। ট্রাইব্যুনাল কি হাজির করার নির্দেশ দিতে পারেন?’এ সময় সৈয়দ হায়দার আলী বলেন, প্রসিকিউশন সম্পর্কে যাতে এমন কিছু বলা না হয়, যা ব্যক্তিগত পর্যায়ে গিয়ে পড়ে।ট্রাইব্যুনাল বলেন, বিষয়টি অবশ্যই ট্রাইব্যুনাল দেখবেন। ফখরুল ইসলামের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, আপনাকে সুযোগ দেওয়া হবে। আপনি এখন বসুন (টেক ইউর সিট)।সকাল ১০টা ৪০ মিনিটে ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে বলা হয়, সন্দেহভাজন দেলাওয়ার হোসাইন ওরফে দেলুকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে সে অসুস্থ এবং চলাফেরা করতে অসমর্থ। তাই আজ শুনানি হবে না। প্রসিকিউশন সম্পূরক আবেদন দিয়েছে। ১২ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করা হলো।এ ব্যাপারে ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১২ অক্টোবর শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন সাঈদীকে হাজির করতে হবে। তাঁর উপস্থিতিতে আবেদনের ওপর শুনানি হবে।’সৈয়দ হায়দার আলী প্রথম আলোকে বলেন, সাঈদীকে আটক বা গ্রেপ্তার দেখানের জন্য সম্পূরক আবেদন জমা দেওয়া হয়েছে।