একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আজ মঙ্গলবার কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। তাঁকে গ্রেপ্তার করতে রাষ্ট্রপক্ষের আবেদন যথাযথভাবে উপস্থাপন করা হয়নি—এ মর্মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেনি। কাল এই আবেদনের ওপর আবার শুনানি হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আজ শুনানি অনুষ্ঠিত হয়। আজ আদালতে সরকারপক্ষে কৌঁসুলি সৈয়দ হায়দার আলি শুনানি করেছেন।এর আগে সকাল সোয়া নয়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে সাঈদীকে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তাঁর পরনে সাদা পাঞ্জাবি-পাজামা ও হাতে মামের পানির বোতল ছিল। পরে তাঁকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সকাল ১০টা ২৭ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে তাঁকে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।এদিকে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালের প্রতিটি পয়েন্টে বাড়তি নিরাপত্তা বসানো হয়। পরিচয়পত্র প্রদর্শনের পরই সংশ্লিষ্টদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।এদিকে আজ জামায়াতের শীর্ষ চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে করা ট্রাইব্যুনালের আদেশের অনুলিপি সরবরাহ ও তাঁদের মুক্তি দিতে করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।