সাঈদীকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: জামায়াত
পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ দাবি করেন। গতকাল মঙ্গলবার পিরোজপুরের জনসভায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেখে যান পিরোজপুরের মানুষও সাঈদীর রায় কার্যকর চায়।’ ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়, ‘আপনি দলীয় ক্যাডার ও পুলিশ বাহিনীর দ্বারা ভয়ভীতি সৃষ্টি করে ভাড়া করা লোকজন দিয়ে পিরোজপুরে জনসভার আয়োজন করেছেন। একবার আল্লামা সাঈদীকে প্যারোলে মুক্তি দিয়ে পিরোজপুরে যাওয়ার সুযোগ দিয়ে দেখুন, আপনার জনসভার চেয়ে পঞ্চাশ গুণ বেশি লোক উপস্থিত হয়ে এই মিথ্যাচারের জবাব দেবে। সাহস থাকলে এ চ্যালেঞ্জ গ্রহণ করুন।’বিবৃতিতে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর বক্তব্য দেউলিয়াত্বের প্রকাশ। নিজের ব্যর্থতা ঢাকার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় যে মিথ্যাচার চালাচ্ছেন, তাতে জনগণ বিভ্রান্ত হবে না। আজ হরতাল চলাকালে ‘পুলিশের গুলিতে’ সিলেটের বিশ্বনাথে জামায়াতের কর্মী গোলাম রব্বানী নিহত হওয়ার প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে।