‘একাত্তরে স্বাধীনতাযুদ্ধ চলাকালে অপরাধ সংঘটনকারী দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেলু পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের সঙ্গে দেখা করে পাকিস্তান রক্ষা করার প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার অঙ্গীকার করেন। ক্যাপ্টেন এজাজের সঙ্গে আন্তরিক সম্পর্ক তৈরি করার পর তিনি স্থানীয় জামায়াতে ইসলামীসহ স্বাধীনতাবিরোধী অন্যান্য সংগঠনকে নিয়ে রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করে নিজেদের পাকিস্তানি বাহিনীর সহায়ক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁরা স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে পিরোজপুরসহ আশপাশের এলাকায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিকদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ধর্ষণের উদ্দেশ্যে নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে জোরপূর্বক তুলে দিয়ে অপরাধ সংঘটন করেন।’গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর গ্রেপ্তার বিষয়ে শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) সৈয়দ রেজাউর রহমান এ অভিযোগ তুলে ধরেন।শুনানির পর বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ১০ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাজির করতে নির্দেশ দেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে পৃথকভাবে করা তিনটি আবেদনের ওপর ওই দিন শুনানির সময় ধার্য করেন।২ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় আদেশ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন শাখা।শুনানি ও আদেশ: বিচারকক্ষের ঘড়িতে তখন সকাল সাড়ে ১০টা। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকসহ অপর দুজন সদস্য আসন গ্রহণ করেন। তাঁর ডান পাশে বসেন বিচারপতি এ টি এম ফজলে কবীর, বাঁয়ে এ কে এম জহির আহমেদ। শুরুতে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম ওকালতনামা জমা দেওয়ার আরজি জানান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, তিনি এখন আমাদের সামনে নেই। নোটিশ বোর্ড দেখুন। এজলাসকক্ষে প্রবেশ নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, জায়গা খুব কম। আসন সীমিত। আইনজীবীদের জন্য ২০টি আসন। এর বেশি হলে ব্যবস্থা করা কঠিন। এ ব্যাপারে সবাই সহযোগিতা করবেন।জামায়াতের নেতাদের আরেক কৌঁসুলি গোলম মোহাম্মদ চৌধুরী এ বিষয়ে স্পষ্টতা চেয়ে বলেন, অনেক আইনজীবী রয়েছেন, ক্যাটাগরি করা যেতে পারে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান আসামিপক্ষে ১০ জন আইনজীবী এবং বিচার দেখতে আসা আইনজীবীদের জন্য ১০ জন থাকার কথা জানান।এই পর্যায়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ বলেন, আজ শুনানি করবেন প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান। রেজাউর রহমান রাষ্ট্রভাষা আন্দোলন, সত্তরের নির্বাচন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও ২৫ মার্চের কালো রাতের বর্ণনা, অপারেশন সার্চলাইট, এক কোটি লোক উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেওয়ার ঘটনা বর্ণনা করেন। সৈয়দ রেজাউর রহমান বলেন, সাঈদী ও তাঁর সহযোগীরা ১৯৭১ সালের ৮ মে দুপুর তিনটায় পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের আলমগীর পশারী, মাহবুব পশারী, চাঁনমিয়া পশারী ও জাহাঙ্গীর পশারীদের (সাং-চিতলিয়া, থানা ও জেলা-পিরোজপুর) বাড়িতে ঢুকে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করেন। তাঁরা বাড়িঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। অপরাধীরা সাঈদীর নির্দেশে ও নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর রাইফেল দিয়ে গুলি করে একাধিক লোককে হত্যা করেন। অপরাধীরা গ্রামের কয়েকজনকে হত্যা করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেন।সৈয়দ রেজাউর রহমান বলেন, একাত্তরের ২ জুন অনুমান ১০টার সময় মানবতাবিরোধী অপরাধী সাঈদী ওরফে দেলুর নেতৃত্বে অন্যান্য অপরাধী টেংরাখালী গ্রামের পূর্ব সীমানায় উমেদপুর গ্রামের হিন্দুপাড়ার প্রতিটি ঘরে অনুপ্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুণ্ঠন করেন। বাড়িঘরে আগুন দেন। অপরাধীরা গ্রামের লোকজনকে আটক করে নারকেলগাছে বেঁধে নির্যাতন চালান ও গুলি করে হত্যা করেন।সরকারি কৌঁসুলি আরও বলেন, অপরাধী রাজাকার বাহিনী পিরোজপুর এলাকার বিভিন্ন স্থানে পাকিস্তান হানাদার বাহিনীকে সঙ্গে নিয়ে মুক্তিবাহিনীকে হত্যা করার নামে গ্রামের নিরীহ ও শান্তিপ্রিয় নাগরিক, বুদ্ধিজীবী ও ছাত্রদের হত্যা করে লাশ গুম করে রাখে এবং যুবতী মেয়েদের ধরে এনে পাকিস্তানি সেনাক্যাম্পে অমানুষিক নির্যাতন ও ধর্ষণ করে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।রেজাউর রহমান বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনের ৩(২) ধারায় দেলাওয়ার হোসাইন সাঈদী অপরাধ সংঘটিত করেছেন বলে তদন্তে দেখা যায়। এ জন্য তাঁকে গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর জানতে চান, উনি এখন কোথায় আছেন? রেজাউর রহমান বলেন, কেন্দ্রীয় কারাগারে আছেন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, সন্দেভাজন দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। সৈয়দ রেজাউর রহমানের বক্তব্য উদ্ধৃত করে আদেশে বলা হয়, অন্য মামলায় সাঈদী কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে হাজিরের পরোয়ানা (প্রডাকশন ওয়ারেন্ট) ইস্যু করা হোক। ১০ আগস্ট তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো। তাঁর (সাঈদীর) উপস্থিতিতে আবেদনের শুনানি হবে।এরপর ট্রাইব্যুনাল চারজনের আবেদনের ওপর ১০ আগস্ট শুনানির দিন ধার্য করেন। বেলা ১১টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অপর দুজন সদস্য এজলাস ত্যাগ করেন।ছয় আবেদন: জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আগে চারজনের পক্ষে তিনটি আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার আরও তিনটি আবেদন করা হয়। ছয়টি আবেদনের ওপর ১০ আগস্ট শুনানি হবে।পরের তিনটি আবেদন প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের আগ পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত করা, বেআইনিভাবে ওয়ারেন্ট ইস্যু করায় চারজনকে মুক্তি দিতে দুটি আবেদন করা হয়েছে। এ ছাড়া কেরানীগঞ্জ ও পল্লবী থানার দুটি মামলা এবং এ-সংক্রান্ত নথিপত্র ট্রাইব্যুনাল থেকে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর জন্য আরেকটি আবেদন করা হয়েছে।