সাঈদীকে ১০ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ১০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে এ নির্দেশ দেন।একই সঙ্গে ট্রাইব্যুনাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে পৃথকভাবে করা তিনটির বেশি আবেদনের ওপর ওই দিন শুনানির দিন ধার্য করেছেন। অভিযোগ: রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান শুনানিতে বলেন, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে অপরাধ সংগঠনকারী সাঈদী ওরফে দেলু পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের সঙ্গে দেখা করে পাকিস্তান রক্ষা করার প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার অঙ্গীকার করেন। এরপর তিনি স্থানীয় জামায়াত ইসলামীসহ অন্যান্য স্বাধীনতাবিরোধী সংগঠনগুলোকে নিয়ে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী গঠন করে নিজেদের পাকিস্তানি বাহিনীর সহায়ক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করে। তাঁরা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে পিরোজপুরসহ আশপাশের এলাকাতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিকদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ধর্ষণের উদ্দেশ্যে নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে জোরপূর্বক তুলে দিয়ে অপরাধ সংঘটন করে। ২ আগস্ট সকালে সাঈদীকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। ওই দিন দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর আজ (৪ আগস্ট) শুনানি অনুষ্ঠিত হবে।