সাঈদীকে ১৫ মার্চ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ১৫ মার্চ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দিন সাঈদীর বিরুদ্ধে করা কেস ডায়েরি উপস্থাপন করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। আজ রোববার বেলা ১১টা ৩৪ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আজ সকাল ১০টা ২৮ মিনিটে সাঈদীকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগার থেকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। ১০টা ৪০ মিনিটে এজলাসে হাজির করা হয়। পৌনে ১১টার দিকে এসলাসে বসেন ট্রাইব্যুনালের তিন সদস্য। এর পর ১০টা ৪৫ মিনিটে বিচারকাজ শুরু করেন ট্রাইব্যুনালের সদস্যরা। শুনানিতে অংশ নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, ইতিপূর্বে ট্রাইব্যুনাল ১৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। সে নির্দেশ অনুসারে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্ত চলছে। আরও কিছু সময় প্রয়োজন। তদন্ত শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে, শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা যাবে। ট্রাইব্যুনাল বলেন, ‘মিস্টার প্রসিকিউটর, এর আগেও আপনারা একটি দরখাস্ত দিয়েছিলেন। এখন একটি দরখাস্ত দিয়েছেন। দেড় মাসে কী অগ্রগতি হয়েছে, সেটা আমাদেরকে দেখান।’ ট্রাইব্যুনাল আরও বলেন, ‘এর আগে বলেছেন, ছয়টি জিডি হয়েছে, এবারও বলছেন। প্রশ্ন হচ্ছে, জিডির তদন্ত প্রতিবেদন আসতে হবে।’ জবাবে হায়দার আলী বলেন, ‘আনুষ্ঠানিক চার্জের সময় বিষয়টি দিয়ে দেওয়া হবে।’ আদালত বলেন, ‘একজন লোককে আটকে রাখা হলো। বলা হয়েছে, উনি বাইরে থাকলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। তাহলে, জিডির অগ্রগতি কী—সেটা জানান।’ জবাবে হায়দার আলী বলেন, ‘তথ্যপ্রমাণ সংগ্রহ হয়ে গেছে। এখন তা পর্যালোচনা চলছে। অগ্রগতি আছে।’ ট্রাইব্যুনাল বলেন, ‘গতবারও তিন পৃষ্ঠায় অনেক প্যারা ছিল। এখন দেখা যাচ্ছে, এক পৃষ্ঠায় দুই প্যারা। তদন্ত হচ্ছে হোক, সমস্যা নেই। আরও কিছু সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে—এটা গতবারও উল্লেখ করা হয়েছে, এবারও উল্লেখ করা হলো।’এক পর্যায়ে সাঈদীর পক্ষে তাজুল ইসলাম শুনানিতে অংশ নিয়ে বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তদন্তে কোনো অগ্রগতি নেই। এমনকি আমাদেরকে কোনো কপিও সরবরাহ করা হয়নি। এটা একটা অদ্ভুত অবস্থা।’ তিনি সবদিক বিবেচনা করে সাঈদীর জামিন আবেদন জানান।প্রসঙ্গত, গত ২৯ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়।