সাঈদীকে ২ নভেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ থাকায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। ২ নভেম্বর তিনি অসুস্থ থাকলে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য সুবিধা দিয়ে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন তাঁর উপস্থিতিতে তাঁকে গ্রেপ্তার রাখার বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি হবে।আজ সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। শুনানির শুরুতে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার বিষয়ে একটি সম্পূরক আবেদন ট্রাইব্যুনালে জমা দেন। এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘সাঈদীর উপস্থিতিতে শুনানি হবে।’ তাজুল ইসলাম বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর নামের সঙ্গে ‘দেলু’ শব্দটি যোগ করা হয়েছে। এটি আপত্তিকর। সম্পূরক আবেদনে সে বিষয়ে বলা আছে।’ ট্রাইব্যুনাল বলেন, ‘সবারই ডাক নাম থাকে। দেলু তাঁর ডাক নাম। এটি কোনো বিষয় নয়।’ এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী বলেন, ‘তিনি (সাঈদী) দেলু নামেও পরিচিত।’ এরপর ট্রাইব্যুনাল সাঈদীকে গ্রেপ্তার রাখার বিষয়ে ২ নভেম্বর শুনানির দিন ধার্য করেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে সাঈদীকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গত ২ আগস্ট ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। এ বিষয়ে ২২ সেপ্টেম্বর তাঁর উপস্থিতিতে আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন।