সাঈদীকে ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে এ নির্দেশ দেন।একই সঙ্গে ট্রাইব্যুনাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষে পৃথকভাবে করা আটটি আবেদনের ওপর ২৪ আগস্ট একসঙ্গে শুনানির দিন ধার্য করেছেন।৪ আগস্ট ট্রাইব্যুনাল সাঈদীকে আদালতে আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি সাঈদী ছাড়া বাকি চার নেতার ছয়টি আবেদনের ওপর আজ শুনানির দিন ধার্য করেছিলেন। সকালে শুনানিতে অংশ নিয়ে জামায়াত নেতাদের কৌঁসুলি তাজুল ইসলাম সাঈদীর অসুস্থতার কথা জানিয়ে শুনানি মুলতবির আবেদন জানান।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম আরিফ টিপুর দৃষ্টি আকর্ষণ করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ থাকায় তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। সাঈদীর আইনজীবী শুনানি মুলতবির আবেদন জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ ব্যাপারে ট্রাইব্যুনালে কোনো বক্তব্য না দিলে ট্রাইব্যুনাল দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করে ২৪ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান ওই দিন সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন এবং এই আদেশ কারা কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে বলেন।অপর চার নেতার ছয় আবেদন এবং সাঈদীর করা দুটি আবেদনের ওপর ওই দিনই শুনানি হবে জানিয়ে ১০টা ৩৭ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অপর বিচারপতি এজলাস ত্যাগ করেন।৪ আগস্ট রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান শুনানিতে অংশ নিয়ে বলেছিলেন, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে অপরাধ সংগঠনকারী সাঈদী ওরফে দেলু পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের সঙ্গে দেখা করে পাকিস্তান রক্ষা করার প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার অঙ্গীকার করেন। এরপর তিনি স্থানীয় জামায়াতে ইসলামীসহ অন্য স্বাধীনতাবিরোধী সংগঠনগুলোকে নিয়ে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী গঠন করে নিজেদের পাকিস্তানি বাহিনীর সহায়ক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁরা স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে পিরোজপুরসহ আশপাশের এলাকায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিকদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ধর্ষণের উদ্দেশে নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে জোরপূর্বক তুলে দিয়ে অপরাধ সংঘটন করেন।২ আগস্ট সকালে সাঈদীকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা।