সাঈদীকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার সকালে নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। ট্রাইব্যুনাল ২৩ ডিসেম্বরের মধ্যে সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দিতে বলেছে। আর চার্জশিট দিতে না পারলেও তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে আজ সকাল নয়টার দিকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে সাঈদীকে হাজির করা হয়। অসুস্থ থাকলে অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সুবিধা দিয়ে আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে অসুস্থতার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৫ আগস্ট আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।এ বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদসহ চার নেতাকে গ্রেপ্তার করা হয়।