মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত আটক রাখার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২৩ ডিসেম্বরের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগপত্র গঠন অথবা তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।গতকাল মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীর বিরুদ্ধে তদন্ত চলছে। এ অবস্থায় সাঈদীকে গ্রেপ্তার বা আটক রাখার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিল তদন্ত সংস্থা। এই আবেদনের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।সাঈদীকে গতকাল সকাল নয়টার দিকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে কার্যক্রম শুরু হয়। তদন্ত সংস্থার আবেদনের ওপর এক ঘণ্টারও বেশি সময় শুনানি হয়।সকালে আদালতের কার্যক্রমের শুরুতেই রাষ্ট্রপক্ষের আইনজীবী (প্রসিকিউটর) সৈয়দ হায়দার আলী গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার আবেদন করেন। তিনি বলেন, সাঈদীর বিরুদ্ধে একাত্তরে পিরোজপুরে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণসহ নানা অভিযোগের তথ্য-প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার রাখা প্রয়োজন। তিনি বাইরে থাকলে তদন্ত বাধাগ্রস্ত হবে।এর বিরোধিতা করে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, সাঈদী প্রখ্যাত ধর্মীয় ও রাজনৈতিক নেতা। তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর জন্য তদন্ত বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আবেদনে তাঁকে দেলু নামে উল্লেখ করা হয়েছে। এ নামটি সংযুক্ত করা হয়েছে অসৎ উদ্দেশ্যে। রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।আদেশে ট্রাইব্যুনাল বলেন, ‘২৯ ডিসেম্বর পর্যন্ত অভিযুক্তকে আটক রাখার নির্দেশ দেওয়া হলো। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের কাছে জমা দিতে হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে তাঁর অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা অথবা সম্ভব না হলে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেওয়া হলো। যদি এই সময়ের মধ্যে সেটা সম্ভব না হয়, তাহলে প্রতিবেদনের ওপর নির্ভর করতে অভিযুক্তের আটকাদেশ বাড়ানো হবে কি না।’আদেশের পর আইনজীবী প্যানেলের প্রধান (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ সাংবাদিকদের বলেন, ‘আদালতের সিদ্ধান্ত সঠিক। এর বাইরে আমরা আর কীই-বা বলতে পারব।’তাজুল ইসলাম বলেন, ‘এ ধরনের আদেশ দেওয়ায় আমরা কষ্ট পেয়েছি। আমরা যে প্রমাণ দিয়েছি এবং যে আদেশ দেওয়া হয়েছে, তাতে আমরা দুঃখ পেয়েছি।’