সাঈদীর আইনজীবী ২২ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ কার্যক্রমে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী তাজুল ইসলামকে ২২ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আদেশে বলা হয়, গতকাল এই ট্রাইব্যুনালের এজলাসে হট্টগোল সৃষ্টি, রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবীকে ‘মিথ্যুক’ বলা ও ট্রাইব্যুনালের বাইরে তাজুল ইসলামের বক্তব্য—এসব ঘটনায় আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।২২ নভেম্বরের মধ্যে তাজুল ইসলাম এবং আসামিপক্ষের অন্য দুই আইনজীবী মিজানুল ইসলাম ও তানভীর আহমেদ আল আমিনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, এর কারণ দেখিয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। গতকাল সোমবার সাঈদীর আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম বর্জন করেন। তাঁদের দাবি, আসামিপক্ষের এক সাক্ষীকে সাদা পোশাকধারী পুলিশ ধরে নিয়ে গেলেও ট্রাইব্যুনাল কোনো ব্যবস্থা নেননি। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, এমন ঘটনা ঘটেনি। ট্রাইব্যুনাল বর্জনের অজুহাত তৈরির জন্য আসামিপক্ষ এ কথা বলছে। অপহরণের এ অভিযোগ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ট্রাইব্যুনালে বাগবিতণ্ডা ও হট্টগোল হয়।আসামিপক্ষের কয়েকজন আইনজীবী ‘লায়ার, লায়ার’ বলে চিত্কার করতে থাকেন। রাষ্ট্রপক্ষের কয়েকজন কৌঁসুলি এর প্রতিবাদ জানান। তাঁদের একজন আসামিপক্ষের উদ্দেশে বলেন, ‘এত বড় সাহস...চিফ প্রসিকিউটরকে লায়ার বলেন!’ আসামিপক্ষের এক আইনজীবী বলেন, ‘এক শ-বার বলব, চিফ প্রসিকিউটর লায়ার।’তাজুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেছিলেন, ‘ট্রাইব্যুনালের দায়িত্ব আইনজীবী ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু ট্রাইব্যুনাল প্রত্যক্ষদর্শী আইনজীবীদের কথা বিশ্বাস না করে পুলিশের কথা বিশ্বাস করছেন। তাই বোঝা যাচ্ছে, ট্রাইব্যুনাল আমাদের কোনো নিরাপত্তা দেবেন না। আমরা মনে করি, হয়তো এ ধরনের কর্মকাণ্ডের পেছনে ট্রাইব্যুনালের সরাসরি সংশ্লিষ্টতা থাকতেও পারে।’