সাঈদীর আইনজীবীদের এজলাস ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি নথি মামলার আলামত হিসেবে গ্রহণের বিষয়ে দীর্ঘ বিতর্কের পর জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ত্যাগ করেছেন। বিচারিক কার্যক্রমের একপর্যায়ে তাঁরা এজলাস থেকে বেরিয়ে যান।এ নিয়ে সাঈদীর আইনজীবীরা দ্বিতীয়বার এজলাস ত্যাগ করলেন। এর আগে গত বছরের ১৬ নভেম্বর তাঁরা ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এজলাস ত্যাগ করেছিলেন।সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় গতকাল সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে দুপুরে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন গতকাল বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো জবানবন্দি দেন।হেলালউদ্দিন তদন্তকালে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত ও নথি ট্রাইব্যুনালে আলামত হিসেবে দেখান। একপর্যায়ে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সংগৃহীত মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন বিদেশি সংবাদপত্রের সংকলনের পাঁচটি খণ্ড আলামত হিসেবে দেখালে আসামিপক্ষ এর বিরোধিতা করে। আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপক্ষ ওই পাঁচ খণ্ডের অনুলিপি আসামিপক্ষকে সরবরাহ করেনি। আইন অনুসারে মামলার বিচার শুরুর আগে আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে সব তথ্য-উপাত্ত ও নথিপত্রের অনুলিপি আসামিপক্ষকে সরবরাহ করবে রাষ্ট্রপক্ষ। অনুলিপি দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে আসামিপক্ষকে ওই নথি পরীক্ষার পর্যাপ্ত সময় দিতে হবে। এ ছাড়া, কোনো অতিরিক্ত নথি ট্রাইব্যুনালে আলামত হিসেবে দেখাতে হলে রাষ্ট্রপক্ষকে আগে থেকে নোটিশ দিতে হবে। কিন্তু আসামিপক্ষ ওই পাঁচ খণ্ডের কোনো অনুলিপি পায়নি, এমনকি সেগুলো পরীক্ষাও করতে পারেনি। এ জন্য এগুলো আলামত হিসেবে দেখানো যাবে না।জবাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় আসামিপক্ষকে দেওয়া জব্দ তালিকায় ওই পাঁচ খণ্ডের উল্লেখ আছে। এগুলো অতিরিক্ত সাক্ষ্য বা আলামত নয়, এ জন্য নোটিশ দেওয়ার দরকার নেই। তদন্তকালে জব্দ করা এসব কাগজপত্র অস্পষ্ট ও অনেক পুরোনো, যেগুলো কোনোভাবেই অনুলিপি করে আসামিপক্ষকে সরবরাহ করা সম্ভব নয়। এ জন্য বিকল্প হিসেবে আসামিপক্ষ এসব নথি পরীক্ষা করতে পারে।ট্রাইব্যুনাল বলেন, যেহেতু এই পাঁচটি খণ্ড কোনোভাবেই অনুলিপি করে আসামিপক্ষকে সরবরাহ করা সম্ভব নয়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে তদন্তকারী কর্মকর্তাকে জেরার আগে আসামিপক্ষ তা পরীক্ষা করতে পারবে।এই পর্যায়ে আবদুর রাজ্জাক বলেন, অনুলিপি না পেলে আসামিপক্ষ ক্ষতিগ্রস্ত হবে। এ সময় তিনি আসামিপক্ষের অন্য আইনজীবীদের নিয়ে এজলাস ত্যাগ করার অনুমতি চান। ট্রাইব্যুনাল বলেন, এটা আপনার ব্যাপার। এরপর আবদুর রাজ্জাক আসামিপক্ষের আইনজীবীদের নিয়ে এজলাস ত্যাগ করেন।এই বিতর্কের আগে তদন্তকারী কর্মকর্তা এই মামলার সঙ্গে সম্পর্কিত ২২টি আলাদা প্রতিবেদন-সংবলিত মূল সংবাদপত্র ট্রাইব্যুনালে আলামত হিসেবে দেখান। আসামিপক্ষ এসব পত্রিকার অনুলিপি পায়নি দাবি করলে ট্রাইব্যুনাল তাঁদের এগুলোর অনুলিপি সংক্ষিপ্ত সময়ের মধ্যে সরবরাহের আদেশ দেন। আদেশে বলা হয়, যেসব নথি একেবারেই অনুলিপি করা সম্ভব নয়, সেগুলো জেরার আগে আসামিপক্ষ নিবিড়ভাবে পরীক্ষা করতে পারবে। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে বলেন, বিকেল চারটার মধ্যে ২২টি প্রতিবেদনের অনুলিপি আসামিপক্ষকে সরবরাহ করতে হবে।এজলাস ত্যাগ করার পর আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘একপর্যায়ে আমরা আইন দেখালাম এবং বললাম, আইনে যা আছে, তা ট্রাইব্যুনাল পুরোপুরি মেনে চলছেন না। আমরা ট্রাইব্যুনালকে সাহায্য করতে পারছি না, আমাদের মক্কেলকে সাহায্য করতে পারছি না। এ জন্য ট্রাইব্যুনালকে বলে আজকের মতো বেরিয়ে এলাম।’এদিকে সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে এমন কিছু কাগজপত্র জব্দ করেছিলেন, যেগুলো কোনোভাবেই অনুলিপি করা সম্ভব নয়। এসব বিদেশি পত্রপত্রিকা মুক্তিযুদ্ধ জাদুঘর পাঁচটি খণ্ডে বাঁধাই করে রেখেছিল। আসামিপক্ষের আপত্তি হলো, এগুলোর অনুলিপি তারা পায়নি। এ ক্ষেত্রে আইন হলো—তারা এটা পরীক্ষা করতে পারবে, দেখতে পারবে। ট্রাইব্যুনাল সেই আদেশ দিয়েছিলেন। কিন্তু তারা অনুলিপিই চাইছে।’অনুলিপি নিয়ে গতকাল ট্রাইব্যুনালে মধ্যাহ্ন বিরতির আগে ও পরে প্রায় দেড় ঘণ্টা রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে বিতর্ক হয়। বাকি সময়ে তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিতে তদন্তের সময় সংগৃহীত বিভিন্ন পত্রিকার প্রতিবেদন ও প্রাসঙ্গিক নথি মামলার আলামত হিসেবে দেখান।বেলা তিনটার দিকে আসামিপক্ষের আইনজীবীরা এজলাস ত্যাগ করার পর হায়দার আলী তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি নিতে চাইলে ট্রাইব্যুনাল জানতে চান, আসামি ও তাঁর পক্ষের কোনো আইনজীবী উপস্থিত নেই। এই পরিস্থিতিতে কি সাক্ষ্য নেওয়া যায়? হায়দার আলী ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, আসামিপক্ষ পরিকল্পনা করে এই কাজ করেছে। প্রথমে অসুস্থতার কথা বলে আসামিকে কারাগারে ফেরত পাঠিয়েছে, তারপর নিজেরা পরিকল্পনা করে এজলাস ত্যাগ করেছে, যাতে কার্যক্রম চলতে না পারে।ট্রাইব্যুনাল বলেন, পরবর্তী সময়ে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কার্যক্রম চলাকালে আসামিকে আর কারাগারে ফেরত পাঠানো হবে না।চারজনের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ১৬ এপ্রিল: জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির জন্য ১৬ এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে। গতকাল আবদুর রাজ্জাকের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই দিন পুনর্নির্ধারণ করেন।‘সংগ্রাম’-এর প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে আনলেন কৌঁসুলি: গতকাল কার্যক্রমের শুরুতে সোমবার দৈনিক সংগ্রাম-এ প্রকাশিত ‘ডিফেন্সের ডকুমেন্ট কেড়ে নিলেন প্রসিকিউটর, অসরবরাহকৃত ডকুমেন্ট উপস্থাপন নিয়ে দিনভর বিতর্ক’ শীর্ষক প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে আনেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। তিনি বলেন, এ ধরনের প্রতিবেদনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ট্রাইব্যুনাল বলেন, ১৬ এপ্রিল ট্রাইব্যুনালে সংগ্রাম সম্পাদকের হাজির হওয়ার বিষয়ে নির্দেশনা আছে। ওই দিন বিষয়টি দেখা হবে।