সাঈদীর আইনজীবীদের ট্রাইব্যুনাল বর্জন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা আজ সোমবারের মতো ট্রাইব্যুনাল বর্জন করেছেন।আসামিপক্ষের অভিযোগ, তাঁদের এক সাক্ষীকে সাদা পোশাকধারী লোকজন ধরে নিয়ে গেলেও ট্রাইব্যুনাল এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ সকালে কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালে আসার সময় ট্রাইব্যুনালের ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের আটকায়। নিরাপত্তার স্বার্থে একমাত্র মিজানুল ইসলাম ছাড়া গাড়িতে থাকা অন্য আইনজীবী ও সাক্ষী সুখরঞ্জন বালীকে হেঁটে যেতে বলা হয়। এ সময় সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি সুখরঞ্জন বালীকে টেনেহিঁচড়ে অন্য একটি গাড়িতে নিয়ে যায়। পরে আর তাঁকে পাওয়া যায়নি।ট্রাইব্যুনাল এ প্রসঙ্গে আদেশে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ এবং উপস্থিত তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খানকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। বেলা একটার দিকে গোলাম আরিফ ট্রাইব্যুনালকে জানান, তিনি উপস্থিত সব পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি।এতে আসামিপক্ষের আইনজীবীরা তীব্র প্রতিবাদ করেন এবং এজলাসে হট্টগোল করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, বিরতির পরে বেলা দুইটার সময় বিষয়টি শুনবেন তিনি। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম তখনই বিষয়টি শোনার দাবি জানালে ট্রাইব্যুনাল তা আমলে নেননি। এতে ট্রাইব্যুনালে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে মিজানুল ইসলাম রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে ‘মিথ্যুক’ বলেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা তখন প্রতিবাদ জানান।পরে আসামিপক্ষের আইনজীবীরা বাইরে এসে সাংবাদিকদের বলেন, তাঁরা আজকের মতো আর ট্রাইব্যুনালে যাবেন না। তাঁদের মক্কেলের সঙ্গে পরামর্শ করে ট্রাইব্যুনালে ফেরা না ফেরার বিষয়টি ঠিক করবেন তাঁরা।বেলা দুইটায় ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হওয়ার কথা।