সাঈদীর আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে ১০ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ১০ আগস্ট অভিযোগ গঠন করা হবে। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। আদেশে বলা হয়, প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত প্রতিবেদন, নথি ও দলিলপত্র এবং তিনটি ডিভিডিতে সরবরাহকৃত তথ্যাদি পর্যালোচনা করে প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) পাওয়া গেছে। এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারার সঙ্গে মেলে। এ জন্য অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের আইনের ৯(৩) ধারা এবং কার্যপ্রণালি বিধিমালার ১৮(৪) ধারা অনুসারে ১০ আগস্ট অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। আদেশে আরও বলা হয়, আসামিপক্ষের আইনজীবী ১৯ জুলাই আনুষ্ঠানিক অভিযোগসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন। আনুষ্ঠানিক অভিযোগের সমর্থনে যেসব দলিলের ওপরে প্রসিকিউশন নির্ভর করতে চান, সেগুলো ১৭ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার জন্য ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে নির্দেশ দেন।জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীকে দিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হচ্ছে। ১০ আগস্ট অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বিচার শুরু হবে।গতকাল সাঈদীর অপরাধ সংঘটনের অভিযোগ আমলে নেওয়ার ধার্য দিন ছিল। সকালে তাঁকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিন আবেদন খারিজ: সাঈদীর আইনজীবী তানভির আহমেদ আল-আমীন ১০ জুলাই তাঁর জামিনের আবেদন করলে গতকাল শুনানি হয়। শুনানিতে আইনজীবী বলেন, সাঈদীর বিরুদ্ধে তদন্ত শেষ। বিধিমালা সংশোধন করে সাক্ষী সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ পর্যায়ে তাঁর পক্ষে তদন্তে প্রভাব খাটানো বা সাক্ষীদের ভয়ভীতি দেখানো সম্ভব নয়। এ ছাড়া তিনি শারীরিকভাবে অসুস্থ।জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, তদন্ত প্রতিবেদন অনুসারে সাঈদী মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। আগামী মাসে তাঁর আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে।শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলেন, সাঈদী অর্ধশতাধিক হত্যাকাণ্ড, ধর্ষণ, লুণ্ঠনের মতো অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত। এ অবস্থায় তাঁকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। আদেশের অনুলিপি নিয়ে উত্তেজনা: শুনানি শেষে জামায়াতের নেতাদের দুজন আইনজীবী সাঈদীর অপরাধ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালের আদেশের অনুলিপি চান। ট্রাইব্যুনাল আদেশ নামঞ্জুর করলে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আইনজীবী তাজুল ইসলাম উত্তেজিত হয়ে বলেন, ‘ন্যায়বিচার শুধু করলেই হবে না, ন্যায়বিচার হয়েছে, সেটা দেখাতেও হবে।’পরে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ওই আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করব। কী কী উপাদানের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া হলো, তা বুঝতে হবে। কিন্তু আদেশের অনুলিপি না পেলে কীভাবে আত্মপক্ষ সমর্থন করব?’জামায়াতের উদ্বেগ ও বিক্ষোভ মিছিল: সাঈদীর আনুষ্ঠানিক বিচারের দিন ধার্য হওয়ার পর গতকাল জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক হয়। বৈঠকে নেতারা বলেন, সরকার রাজনৈতিকভাবে জামায়াতের নেতাদের মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তথাকথিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মিথ্যা অজুহাতে বিচার-প্রক্রিয়া শুরু করেছে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার সম্ভব নয় বলে দাবি করেন জামায়াতের নেতারা। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শাখা সাঈদীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি রাজধানীর কাকরাইল মোড় থেকে শান্তিনগর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।