সাঈদীর আপিলের শুনানি ২ মে (ভিডিও)
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির তারিখ আগামী ২ মে ধার্য করেছেন সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ তারিখ ধার্য করেন।এ সময়ের মধ্যে উভয় পক্ষকে আপিলের সার-সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। আদালতে শুনানির তারিখ ধার্য করার আবেদন জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর ভিত্তিতে এই তারিখ ধার্য করেন আদালত।মাহবুবে আলমের সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘শুনানির তারিখ ধার্য করার জন্য আমরা আবেদন নিয়ে এসেছিলাম। আদালত ২ মে শুনানির তারিখ ধার্য করেছেন। এই সময়ের মধ্যে উভয় পক্ষকে সার-সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।’প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির এই বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন সুরেন্দ্র কুমার সিনহা, আবদুল ওয়াহহাব মিঞা, সৈয়দ মাহমুদ হোসেন, ছিদ্দিকুর রহমান মিয়া ও এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দণ্ড দেওয়া হয়নি। ওই রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন।