সাঈদীর ইশারায় সেনারা কুট্টিকে গুলি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী আবদুল জলিল শেখ (৬০) আজ সোমবার ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।আবদুল জলিল শেখ জবানবন্দিতে বলেন, একাত্তরের ৮ মে সাঈদী, দানেশ মোল্লা, সেকান্দার শিকদারসহ আরও কয়েকজন রাজাকার ও ১০-১৫ জন পাকিস্তানি সেনা পিরোজপুরের চিথোলিয়া গ্রামে মানিক পসারির বাড়ি যায়। মানিকের বাড়ির কাজের লোক মফিজ ও কুট্টিকে রাজাকাররা ধরে বেঁধে ফেলে। বাড়ি লুট করার পর সাঈদী, দানেশ মোল্লা ও সেকান্দার শিকদার—এই তিনজন কেরোসিন ঢেলে মানিকের বাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে মফিজ ও কুট্টিকে নিয়ে রাজাকাররা পারেরহাটে তাঁদের ক্যাম্পে যেতে থাকে। পথে সাঈদীর ইশারায় পাকিস্তানি সেনারা কুট্টিকে গুলি করে হত্যা করে।সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী সুলতান আহমেদ হাওলাদার, ষষ্ঠ সাক্ষী মানিকপসারি, সপ্তম সাক্ষী মফিজউদ্দিন পসারি ও দশম সাক্ষী বাসুদেব মিস্ত্রি তাঁদের জবানবন্দিতে প্রায় একই কথা বলেছেন।জবানবন্দি শেষ হলে সাক্ষী জলিলকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। তিনি জানতে চান, মুক্তিযোদ্ধাদের তালিকায় জলিলের নাম আছে কি না। জবাবে জলিল ‘না’ বললে মিজানুল বলেন, পিরোজপুরের সাংসদ এ কে এম এ আউয়াল মুক্তিযোদ্ধাদের তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্তির প্রস্তাব করেছেন কি না? জবাবে জলিল বলেন, তিনি নিজেই এই আবেদন করেছেন।বেলা দুটোর দিকে এক ঘণ্টার বিরতির পর ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হয়। এ সময় মিজানুলের এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ইউনুস মুন্সির মেয়েকে বিয়ে করার পর থেকে তিনি সাঈদীকে চেনেন। পারেরহাট বাজারের দক্ষিণ মাথায় বটগাছের সামনে সাঈদী ফুটপাতের ওপর দোকানদারি করতেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বছর ধরে তিনি সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সদস্য হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।এরপর মিজানুল বলেন, সাক্ষীর প্রথম স্ত্রীর নাম সখিনা, দ্বিতীয় স্ত্রী গোলেনূর ও তৃতীয় স্ত্রী ফিরোজা। সাক্ষী এতে ‘হ্যাঁ’ সূচক উত্তর দিলে মিজানুল বলেন, দ্বিতীয় স্ত্রী গোলেনূরকে নির্যাতন করায় এবং তাঁর কাছে যৌতুকের দাবি করায় গোলেনূর যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় জলিলের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় জলিল আপসনামায় স্বাক্ষর করে মামলা থেকে অব্যাহতি পান। এ সময় সাক্ষী বলেন, গোলেনূর তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করেছিলেন। পরে মিজানুল বলেন, ১৯৯০ সালের ১৪ নভেম্বর স্ত্রী গোলেনূরের গলায় ছুরি দিয়ে পোঁচ দেওয়ার অভিযোগে জলিলের শাশুড়ি ফৌজদারি কার্যবিধির ৩০৭ ধারায় একটি মামলা করেছিলেন। ওই মামলায় জলিল সাত মাস হাজত খেটেছেন। এ সময় জলিল বলেন, এই মামলাও মিথ্যা অভিযোগে করা হয়েছিল। পরে মিজানুল আরও বলেন, ১৯৯১ সালের ১৯ ফেব্রুয়ারি জলিল তাঁর স্ত্রী, শ্যালক, শ্বশুর-শাশুড়ি ও ভায়রাকে আসামি করে একটি হত্যা মামলা করেছিলেন। ওই মামলায় জলিল পিরোজপুর আদালতে শপথ নিয়ে জবানবন্দিও দিয়েছেন। আদালত পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে বিষয়টি তদন্তের জন্য পাঠান। তবে পুলিশ পরে ওই মামলার অভিযোগ মিথ্যা বলে প্রতিবেদন দেয়।এরপর জলিলকে জেরা করেন আইনজীবী কফিলউদ্দিন চৌধুরী ও মনজুর আহমেদ আনসারী।