সাঈদীর ইসলামের ব্যাখ্যা সঠিক নয়: জালালুদ্দিন আলকাদেরী
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বিভিন্ন সময়ে তাফসিরে ইসলামের যে ব্যাখ্যা দিয়েছেন, তা সঠিক নয়। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন মাদ্রাসাটির অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালালুদ্দিন আলকাদেরী। দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের হত্যা পরিকল্পনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জালালুদ্দিন আলকাদেরী বলেন, ‘সাঈদী চট্টগ্রামে তাফসিরের নামে বিভিন্ন সময় কোরআন ও ইসলামের যে ব্যাখ্যা দিয়েছেন, তা সঠিক নয়। মহানবী (সা.)-এর প্রতি মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন সাঈদী। বিভিন্ন সময় আলেমদের পক্ষ থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে।’ইসলামবিরোধী আকিদার জবাব দেওয়ায় জামায়াতে ইসলামী আলেম সমাজের ওপর ক্ষিপ্ত হয়েছে, মন্তব্য করে জালালুদ্দিন বলেন, আলেমদের ওপর হামলার নীলনকশা একাত্তরের বুদ্ধিজীবীদের ওপর হামলার নীলনকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের হত্যা করে এ দেশে মুসলমানদের নেতৃত্বশূন্য করার এক মহা চক্রান্ত।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ-রহামিয়ান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জামেয়া পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম, জামেয়ার উপাধ্যক্ষ সগীর ওসমানী প্রমুখ। গত সোমবার নগরের বিবিরহাট এলাকা থেকে শিবিরের এক কর্মীকে আটক করে স্থানীয় জনতা। তাঁর পকেটে শীর্ষস্থানীয় ১০ জন আলেমের নামের তালিকা ছিল। ওই শিবিরকর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, তালিকায় থাকা ১০ আলেমকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ওই তালিকার শীর্ষে জালালুদ্দিন আলকাদেরীর নাম ছিল।