সাঈদীর কর ফাঁকির অভিযোগ গঠনের শুনানি ২৫ মে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়নি। সাঈদীর উপস্থিতিতে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন আগামী ২৫ মে শুনানির দিন ধার্য করেছেন। সাঈদীর আইনজীবী আবদুর রাজ্জাক আদালতকে বলেন, মামলাটি কেন বাতিল করা হবে না, এ মর্মে হাইকোর্ট ৯ ফেব্রুয়ারি রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠন বিষয়ক শুনানি মুলতবি রাখার আবেদন জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ তারিখ নির্ধারণ করেন।প্রসঙ্গত, গত বছরের ১৯ আগস্ট কর ফাঁকির অভিযোগে সাঈদীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, দেলাওয়ার হোসেন সাঈদী একজন সাংসদ হওয়া সত্ত্বেও আয়কর বিবরণীতে মিথ্যা হলফনামা দিয়ে তথ্য দিয়েছেন। তিনি ২০০৫ থেকে ২০১০ সালের জুন পর্যন্ত আয় কর বিবরণীতে দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন করেছেন। একই সঙ্গে এর ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১০ টাকার কর ফাঁকি দিয়েছেন। মামলায় আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অপরাধ করেছেন। এনবিআরের উপকর কমিশনার মাসুমা খাতুন বাদী হয়ে এ মামলাটি করেন।