সাঈদীর কিছু হলে দায় সরকারকেই নিতে হবে: আজহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মুক্তি দিয়ে সুচিকিত্সার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, সাঈদীর কিছু হলে সরকারকেই সম্পূর্ণভাবে দায়-দায়িত্ব বহন করতে হবে।আজ সোমবার এক বিবৃতিতে আজহারুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ‘সাঈদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অস্বাভাবিক ব্লাড প্রেশার, হূদযন্ত্রের দুটি আর্টারিতে ব্লক, পাইলস সমস্যা, কিডনির জটিলতা, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। কিন্তু মিথ্যা ও সাজানো মামলায় আটক করে তাঁকে বিনা চিকিত্সায় কারাগারে রাখা হয়েছে।’বিবৃতিতে আজহারুল ইসলাম বলেন, মাওলানা সাঈদীকে বারবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। অথচ তদন্ত সংস্থা এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারেনি।