সাঈদীর ছেলেসহ চারজন তিন দিনের রিমান্ডে
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম হোসাইন সাঈদীসহ চারজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।অন্য তিনজন হলেন: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন ও কলম্বিয়া ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের মালিক আবদুর রশিদ।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা জানান, ‘নাশকতার ষড়যন্ত্রের’ অভিযোগে গতকাল সোমবার দুপুরে উত্তরা এলাকা থেকে এই চারজনকে আটক করা হয়। পরে তাঁদের হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় মতিঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।আদালত সূত্র জানায়, আজ মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন হাওলাদার ওই চারজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত প্রত্যেকের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।