সাঈদীর জামিন নাকচ, ১১ জুলাইয়ের মধ্যে অভিযোগ দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন নাকচ করা হয়েছে। আগামী ১১ জুলাইয়ের মধ্যে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করারও নির্দেশ দেওয়া হয়।পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। বেলা ১১টায় সাঈদীর জামিন আবেদনের শুনানি শুরু হয়। সাঈদীর আইনজীবী তানভীর আহমেদ আল আমিন জামিন আবেদনটি ট্রাইব্যুনালে উত্থাপন করে বলেন, সাঈদীর বিরুদ্ধে তদন্ত কাজ শেষ হয়েছে। এ জন্য তাঁকে জামিন দেওয়া হলে তিনি তদন্তকাজ প্রভাবিত করতে পারবেন না। তদন্তকাজ প্রভাবিত করার প্রশ্নও আসে না। এ ছাড়া তিনি গুরুতর অসুস্থ। আজ সকালে তাঁকে ট্রাইব্যুনালে আনার পরও অসুস্থতার কারণে আবার হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।জামিন আবেদনের বিরোধিতা করে প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী) সৈয়দ হায়দার আলী বলেন, সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে প্রাথমিক অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তিনি ইব্রাহিম কার্ডিয়াকে চিকিত্সাধীন আছেন। এ অবস্থায় তাঁর জামিনের দরকার নেই।শুনানি শেষে ট্রাইব্যুনাল সাঈদীর জামিন আবেদন নাকচ করে দেন। এ ছাড়া আগামী ১১ জুলাইয়ের মধ্যে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন।আজ সকাল ১০টার দিকে সাঈদীকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বেলা পৌনে ১১টার দিকে আবার তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়। সাঈদীর অনুপস্থিতিতেই তাঁর জামিনের আবেদনের ওপর শুনানি হয়।এদিকে, সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদনটি আজ প্রসিকিউশন শাখায় (রাষ্ট্রপক্ষের আইনজীবী) জমা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।তদন্ত সংস্থার সমন্বয়ক এম সানাউল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২০১০ সালের ২১ জুলাই থেকে ২০১১ সালের ৩০ মে পর্যন্ত মোট ৩১৩ দিন ধরে সাঈদীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হয়। এ সময় তদন্ত সংস্থা ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করে। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন পত্রিকা, বই, অডিও-ভিডিও ক্যাসেট ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। তদন্তে সাঈদীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, ধ্বংস ও গণহত্যা সংঘটনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এসব তথ্য ১৫টি খণ্ডে সংযুক্ত করে প্রতিবেদন তৈরি করা হয়েছে।প্রসঙ্গত, গত বছরের ২৯ জুন সাঈদীকে অন্য এক মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাঁর এলাকা পিরোজপুরে গিয়ে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালায়। তদন্তের অংশ হিসেবে ১২ মে তাঁকে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।