একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। অপর চার জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে কাল বৃহস্পতিবার শুনানি হবে।আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিনজন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই সাঈদীর জামিন আবেদনের শুনানি হয়। এ সময় সাঈদীর আইনজীবী তানজিল আহমেদ আল-আমিন তাঁর জামিনের আবেদন করেন। প্রসিকিউটর রেজাউর রহমান এর বিরোধিতা করেন।আগেও একবার সাঈদীর জামিনের আবেদন করা হয়েছিল এবং ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেছিলেন। এবারের জামিন আবেদনে শারীরিক অসুস্থতার বিষয়টি ছাড়া আর কোনো নতুন বিষয় আবেদনে অন্তর্ভুক্ত না হওয়ায় ট্রাইব্যুনাল জামিন নামঞ্জুর করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাঈদীর চিকিত্সা হচ্ছে না জানিয়ে উন্নত চিকিত্সার আবেদন জানানো হলে ট্রাইব্যুনাল তাঁকে বারডেমে নিজস্ব খরচে চিকিত্সা করার আদেশ দেন। সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৩১ মের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারলে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর রেজাউর রহমান সাঈদীকে তিন দিন তদন্ত কর্মকর্তার হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। ট্রাইব্যুনাল কাল এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে কাল নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা ও কামারুজ্জামানের বিরুদ্ধেও শুনানি হবে।আজ সকাল পৌনে ১০টার দিকে নিজামী, সাঈদী, কাদের মোল্লা ও কামারুজ্জামানকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। ১০টা ৪০ মিনিটে তাঁদেরকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়। সকাল ১০টা ৫০ মিনিটে জামায়াতের আরেক নেতা মুজাহিদকে প্রিজন ভ্যানে করে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় এবং এজলাস কক্ষে নেওয়া হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে শুনানি শেষ হয়। জামায়াত নেতাদের পক্ষের আইনজীবী মুন্সী আহসান কবির প্রথম আলোকে জানান, জামায়াতের এ পাঁচ নেতার পক্ষে ট্রাইব্যুনালে পৃথক জামিন আবেদন করা হয়েছে।প্রসঙ্গত, গত ১৫ মার্চ জামায়াতের চার নেতাকে আজ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।