সাঈদীর জামিন নামঞ্জুর, পরবর্তী শুনানি ২০ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে আদালত আগামী ২০ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। এ ছাড়া সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে এক মাস সময় দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সব নির্দেশ দেন।সকাল ১০টার দিকে সাঈদীকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। আধঘণ্টা ট্রাইব্যুনালের কারাগারে রেখে সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। এ সময় সৈয়দ হায়দার আলী তদন্ত সংস্থার পক্ষে সাঈদীর বিরুদ্ধে ছয়টি মামলার কেস ডায়েরি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করে পর্যালোচনার জন্য এক ঘণ্টা মুলতবি করেন।দুপুর ১২টায় শুনানি শুরু হলে সাঈদীর আইনজীবী এম তাজুল ইসলাম তাঁর জামিন আবেদন জানিয়ে বলেন, সাঈদী শারীরিকভাবে অসুস্থ। তাঁর চিকিত্সার জন্য জামিন প্রয়োজন। জামিনে থাকার সময় সাঈদী দেশ ছেড়ে কোথাও যাবেন না, বাসায় থাকবেন বলে আইনজীবী জানান। প্রয়োজনে প্রতিদিন থানায় রিপোর্ট করা হবে। তবে তদন্ত সংস্থার আইনজীবী সৈয়দ হায়দার আলী জামিনের বিরোধিতা করে বলেন, ‘সাঈদী জামিন পেলে মামলা প্রভাবিত হবে। তিনি সন্ত্রাস সৃষ্টি করতে পারেন।’ অসুস্থতা সম্পর্কে তিনি বলে, এ বয়সে সবারই ডায়াবেটিকসসহ কিছু অসুখ থাকে। গ্রেপ্তারের আগে তিনি এসব অসুখ নিয়েই সারা দেশে ঘুরেছেন, ওয়াজ করেছে। গ্রেপ্তারের পর এমন কিছু হয়নি যে তাঁকে জামিন দিতে হবে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং একই সঙ্গে সাঈদীর স্বাস্থ্য পরীক্ষার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে তদন্ত সংস্থাকে সময় দিয়েছে। এ সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারলে মামলার সর্বশেষ অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়।গত ২০ ফেব্রুয়ারি সাঈদীকে আজ ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই দিন তাঁর মামলাসংক্রান্ত কাগজপত্র (কেস ডায়েরি) রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে দাখিল করতেও তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়। এর আগে সাঈদীর বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর ও ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে তদন্তসংক্রান্ত দুটি প্রতিবেদন জমা দেওয়া হয়।