সাঈদীর জামিনের আবেদন খারিজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদেশে বলা হয়, আসামির চিকিত্সার সব ব্যবস্থা করা হচ্ছে। চিকিত্সা করা হচ্ছে না—এমন কোনো অভিযোগ করা হয়নি। এ ছাড়া বিদেশে চিকিত্সার জন্য তিনি প্যারোলের আবেদন করেছেন। ওই আবেদন এখনো খারিজ করা হয়েছে বলে জানা যায়নি। এ অবস্থায় সাঈদীর জামিনের আবেদন খারিজ করা হলো।১৪ জুন দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। গত ২০ তারিখ সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম মামলার কার্যক্রম মুলতবির আরজি জানান। ট্রাইব্যুনাল সেই আবেদন খারিজ করে তাঁকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করার নির্দেশ দেন। ওই নির্দেশ অনুসারে ওই দিন বিকেলেই সাঈদীকে সেখানে স্থানান্তর করা হয়।ওই দিন বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাঈদীকে উন্নততর চিকিত্সার জন্য দ্রুত বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানায় তাঁর পরিবার।সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী বলেন, ‘আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছি।’