গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষীর তালিকায় মুনতাসীর মামুন, সুলতানা কামাল
সাঈদীর জামিনের আবেদন খারিজ
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কারাবন্দী নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এ জামিনের কোনো বিধান নেই। আসামির চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি—এমন কোনো অভিযোগ আসামিপক্ষ করেনি। এ ছাড়া তাঁকে বিদেশে নিয়ে আরও উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। ওই আবেদন নিষ্পন্ন বা খারিজ করা হয়েছে বলে এখনো জানা যায়নি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। এ অবস্থায় ট্রাইব্যুনাল জামিন দেওয়ার কোনো ভিত্তি পাননি।১৪ জুন রাতে সাঈদী অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ জুন এনজিওগ্রাম করা হলে তাঁর হূৎপিণ্ডে চারটি ব্লক ধরা পড়ে, যার দুটি ৯০ শতাংশ। ২০ জুন আরও দুটি পরীক্ষার জন্য তাঁকে ট্রাইব্যুনালের নির্দেশে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়। ওই দিন বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাঈদীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানায় তাঁর পরিবার। সাঈদীর জামিনের আবেদনের ওপর বৃহস্পতিবার ট্রাইব্যুনালে শুনানি হয়। অসুস্থ সাঈদীকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষীর তালিকায় মুনতাসীর মামুন, সুলতানা কামাল: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণের দিন আগামী ১ জুলাই পুনর্নির্ধারণ করেন। সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে গতকাল আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ এক সপ্তাহ পিছিয়ে দেন।এদিকে, গোলাম আযমের বিরুদ্ধে মামলায় প্রথম দফায় নয়জন সাক্ষীর একটি তালিকা গতকাল ট্রাইব্যুনালে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে জেয়াদ-আল-মালুম সাংবাদিকদের জানান, এ নয়জনের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান ও মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম।আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন পুনর্বিবেচনার আদেশ ২৮ জুন: বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গঠিত অভিযোগ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের আদেশের জন্য ২৮ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের অনুপস্থিতিতে দুই সদস্যের ট্রাইব্যুনাল গতকাল এ দিন ধার্য করেন।গতকাল কার্যক্রমের শুরুতে আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন তাঁর আইনজীবী মুন্সি আহসান কবীর। তিনি বলেন, আলীমের বিরুদ্ধে যে ১৭টি অভিযোগ গঠন করা হয়েছে তার সবগুলোতে বলা হয়েছে, তিনি একাত্তরে স্থানীয় শান্তি কমিটির চেয়ারম্যান ও রাজাকার বাহিনীর প্রভাবশালী নেতা ছিলেন। কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ অনুসারে, আলীম জয়পুরহাট মহকুমার শান্তি কমিটির চেয়ারম্যান ও স্থানীয় রাজাকার কমান্ডার ছিলেন। তাই এটি সংশোধন হওয়া দরকার। না হলে আসামি ক্ষতিগ্রস্ত হবেন।শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, আনুষ্ঠানিক অভিযোগে আসামি আলীমকে জয়পুরহাটের শান্তি কমিটির চেয়ারম্যান বলা হয়েছে। কিন্তু সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদন দেখে ট্রাইব্যুনাল যেটা সঠিক মনে করেছেন, সেটাই করেছেন।উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১১ জুন আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী ৯ জুলাই এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের দিন ধার্য রয়েছে।