সাঈদীর জামিনের আবেদনের আদেশ ২৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী জামিনের আবেদনের বিষয়ে ২৪ জুন আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।সাঈদীর জামিনের আবেদনের শুনানিতে তাঁর আইনজীবী তাজুল ইসলাম বলেন, সাঈদীর হূিপণ্ডে পাঁচটি রিং পরানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা খারাপ। সম্প্রতি ছেলের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির নেতা সাবেক মন্ত্রী আবদুল আলীমকে শারীরিক অসুস্থতার জন্য জামিন দেওয়া হয়েছিল। সাঈদীর অবস্থা তাঁর (আলীম) থেকেও শোচনীয়। এ অবস্থায় তাঁর সাক্ষীদের ভয়ভীতি দেখানোর সুযোগ ও কোথাও পালানোর সুযোগ নেই। তিনি সাঈদীর অসুস্থতার বিষয়ে চিকিত্সকদের প্রতিবেদন ট্রাইব্যুনালে পড়ে শোনান।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী জামিনের বিরোধিতা করে বলেন, সাঈদীর উন্নত চিকিত্সার জন্য সবকিছুই করা হচ্ছে। তিনি সর্বোচ্চ চিকিত্সা সুবিধা পাচ্ছেন। এ ক্ষেত্রে কোনো অবহেলা করা হচ্ছে না। হূিপণ্ডে রিং পরানোর পরেও অনেকে স্বাভাবিক কাজকর্ম করেছেন। তাঁর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ দিকে, এ অবস্থায় জামিনের কোনো সুযোগ নেই। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের দিন ধার্য করেন।সাঈদী বর্তমানে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিত্সাধীন অবস্থায় আছেন। ১৪ জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার ট্রাইব্যুনালের নির্দেশে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।