সাঈদীর তদন্ত কর্মকর্তাকে জেরা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে আজ সোমবার জেরা শেষ করেছে আসামিপক্ষ। ৪৮ কার্যদিবস জেরার পর তা সম্পন্ন হয়।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ মো. হেলালউদ্দিনকে শেষ দিনের মতো জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম। ট্রাইব্যুনালের বেঁধে দেওয়া সময় অনুসারে আজ তাঁকে জেরা শেষ করার দিন ধার্য ছিল।বেলা আড়াইটার দিকে মো. হেলালউদ্দিনের জেরা শেষ হয়। পরে ট্রাইব্যুনাল কয়েকটি আবেদনের শুনানি এবং পরবর্তী কার্যক্রম ঠিক করার জন্য কাল মঙ্গলবার দিন ধার্য করেন।গত ৮ এপ্রিল মো. হেলালউদ্দিন জবানবন্দি দেন। টানা নয় কার্যদিবস জবানবন্দি দেওয়ার পর ২৫ এপ্রিল থেকে তাঁকে জেরা করা শুরু হয়।