সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর আগামী ২ মে শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এর আগেই উভয় পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।একই বেঞ্চে গতকাল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানিতে ট্রাইব্যুনালের দেওয়া রায় উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। কাদের মোল্লা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই রায় ঘোষণার ২৯ দিনের মাথায় ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে। রাষ্ট্রপক্ষ গত বুধবার শুনানির দিন নির্ধারণের জন্য চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। ওই দিন আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।গতকাল বেলা ১১টার দিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানির দিন ধার্যের আরজি জানান। আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক সারসংক্ষেপ দাখিলের জন্য চার সপ্তাহ সময় প্রার্থনা করেন। পরে আদালত ২ মে শুনানির দিন ধার্য করেন।এম কে রহমান ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়কারী। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘আদালত ২ মে আপিল শুনানির তারিখ ধার্য করেছেন। এ সময়ের মধ্যে উভয় পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে।আবদুর রাজ্জাক বলেন, চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল, আদালত দুই সপ্তাহ সময় দিয়েছেন।ট্রাইব্যুনালের রায় উপস্থাপন শেষ: বিরতির পর কাদের মোল্লার দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি গ্রহণ করেন একই বেঞ্চ। দুপুর ১২টা থেকে বেলা একটা ২৫ মিনিট পর্যন্ত শুনানি চলে। রাষ্ট্রপক্ষে এম কে রহমান গতকাল চতুর্থ দিনের শুনানিতে কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের দেওয়া রায় উপস্থাপন শেষ করেন। রাষ্ট্রপক্ষে এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।শেষ পর্যায়ে কাদের মোল্লার পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক সময় চেয়ে আবেদনের কথা জানান। আদালত বলেন, ‘আবেদন আসুক, দেখা যাবে।’ আগামী রোববার পরবর্তী দিন ধার্য করা হয়।আবেদন সম্পর্কে আবদুর রাজ্জাক পরে প্রথম আলোকে বলেন, আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বিদেশে থাকায় ২৪ এপ্রিল পর্যন্ত সময় চাওয়া হয়।ট্রাইব্যুনাল-২ গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে যাবজ্জীবন এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে দুই পক্ষই আপিল করে। ১ এপ্রিল শুনানি শুরু হয়।