মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম ও বয়স পরিবর্তনের ঘটনায় জড়িত মাদ্রাসা বোর্ডের কর্মকর্তারা সংসদীয় তদন্ত কমিটির প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি। কমিটির জিজ্ঞাসাবাদের জবাবে কর্মকর্তারা বলেছেন, অভিযোগের বিষয়ে তাঁরা কিছু জানেন না। পরবর্তী সময়ে লিখিত আকারে জবাব দেবেন।সংসদীয় উপকমিটি আগামী ১৪ অক্টোবরের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলেছে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির এই বৈঠক হয়। উপকমিটির আহ্বায়ক হুইপ আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. শাহ আলম ও বীরেন শিকদার অংশ নেন। গত ১২ আগস্ট সাঈদীর নাম ও বয়স পাল্টানোর বিষয় খতিয়ে দেখতে এ উপকমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম ফারুক। উপকমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি সাঈদীকে অবিকল নকল সনদ দেওয়া হলেও এর জন্য কোনো আবেদন পাওয়া যায়নি। দাখিল পরীক্ষায় তাঁর নাম ছিল মোস্তফা দেলাওয়ার হোসাইন, আলিমে ছিল আবু নাঈম মো. দেলাওয়ার হোসাইন। পরে তা পরিবর্তন করে হন দেলাওয়ার হোসাইন সাঈদী।প্রতিবেদনে আরও বলা হয়েছে, দাখিল পরীক্ষার ৫১ বছর পর এবং আলিম পরীক্ষার ৪৮ বছর পর নাম ও বয়স সংশোধনের আবেদন নীতিমালা পরিপন্থী। আবেদন গ্রহণও নজিরবিহীন ঘটনা। দাখিল ও আলিম পরীক্ষায় দুটি ভিন্ন নাম থাকা সত্ত্বেও এ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি। আবেদনে অভিভাবকের মাধ্যমে এফিডেভিট করার বিধান থাকলেও তা করা হয়নি।দাখিল পরীক্ষা অনুযায়ী সাঈদীর জন্ম তারিখ ছিল ১৯৪৭ সালের ১ মার্চ। পরে পাসপোর্টে দেওয়া জন্ম তারিখের ভিত্তিতে বয়স সংশোধন করা হয় বলে প্রতিবেদন উল্লেখ করা হয়। আরও বলা হয়েছে, আগের সনদ অনুযায়ী সাঈদী ১০ বছর বয়সে দাখিল পাস করেছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে এ নিয়ে প্রশ্ন উঠতে পারে আশঙ্কা করে ২০০৮ সালের ১০ নভেম্বর মাত্র চার ঘণ্টায় সাঈদী দাখিল ও আলিম পাসের সনদে নাম ও বয়স পরিবর্তন করান।