সাঈদীর নাম পরিবর্তনের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও আটক জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম ও বয়স পরিবর্তনের ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির সদস্য শেখ আবদুুল ওহাবকে তদন্ত-সম্পর্কিত এই উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মোহাম্মদ শাহ আলম ও বীরেন শিকদার। তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম ফারুক। দেলাওয়ার হোসাইন সাঈদী কেন নাম ও বয়স পরিবর্তন করেছেন এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করবে কমিটি। স্থায়ী কমিটির আগামী বৈঠকে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে। সূত্র জানায়, বৈঠকে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সাঈদীর নাম ও বয়স পরিবর্তনের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে কমিটির কাছে প্রমাণিত হয়েছে, সাঈদী জালিয়াতি করে নাম ও বয়স পরিবর্তন করেছেন। বোর্ডের নিয়ম অনুযায়ী, পরীক্ষার ফল প্রকাশের দুই বছরের মধ্যে নাম ও বয়স পাল্টানো যায়। কিন্তু সাঈদী ৫০ বছর পর মাত্র চার ঘণ্টার মধ্যে এসব পাল্টেছেন।’বৈঠক সূত্র জানায়, সাঈদীর প্রথম সনদ অনুযায়ী, তিনি মাত্র ১০ বছর বয়সে দাখিল পাস করেছেন। বিষয়টি অসম্ভব জেনে তিনি ২০০৮ সালের ১০ নভেম্বর নির্বাচনের আগে দাখিল ও আলিম পাসের সনদে নাম ও বয়স পাল্টান। ১৯৫৭ সালে মাদ্রাসা বোর্ড থেকে দেওয়া দাখিল পাসের সনদ অনুযায়ী সাঈদীর নাম আবু নাইম মোহাম্মদ দেলাওয়ার হোসাইন সাঈদী। কিন্তু ২০০৮ সালে নাম পরিবর্তন করে হন দেলাওয়ার হোসাইন সাঈদী।মেনন বলেন, ‘সাঈদী দুবার নাম পরিবর্তন করেছেন। ফাজিল ও কামিল পরীক্ষায় দুবারই তাঁর নামের ভুল সংশোধন করা হয়েছে। কিন্তু কোনো ব্যক্তির নাম কীভাবে দুবার ভুল হতে পারে! তা ছাড়া বয়স পরিবর্তনের কমিটিতে সিভিল সার্জন থাকার বিধান থাকলেও সেটা ছিল না।’কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ শেখ আবদুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, মো. শাহ আলম ও মমতাজ বেগম উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।