জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর নেতৃত্বে ও সহযোগিতায় মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরের বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা হত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধ করেছে। সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণের উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান গতকাল সোমবার এ অভিযোগ করেন।একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল রাষ্ট্রপক্ষের উদ্বোধনী বক্তব্য পড়া শেষ হয়েছে। আগামী ৭ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু গত রোববার ৮৮ পৃষ্ঠার উদ্বোধনী বক্তব্য পড়া শুরু করেছিলেন। তারপর পড়া শুরু করেছিলেন সৈয়দ রেজাউর রহমান। সেদিন ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি হওয়ার আগ পর্যন্ত তিনি ৬১ পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলেন।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।গতকাল উদ্বোধনী বক্তব্যের শেষ অংশে সৈয়দ রেজাউর রহমান বলেন, সাঈদীর প্রত্যক্ষ অংশগ্রহণ ও সহযোগিতায় পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাবা ফয়জুর রহমান আহমেদ (তৎকালীন সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা), পিরোজপুরের তৎকালীন এসডিও আবদুর রাজ্জাক, তৎকালীন ম্যাজিস্ট্রেট সাঈদ মিজানুর রহমানকে কর্মস্থল থেকে ধরে নিয়ে বলেশ্বর নদের পাড়ে গুলি করে হত্যা করা হয়। ঘাতক দলের সদস্য হিসেবে সাঈদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাঁর উপস্থিতিতেই তাঁদের লাশ বলেশ্বর নদে ভাসিয়ে দেওয়া হয়। পারেরহাট বন্দরসহ বিভিন্ন এলাকায় তাঁর নেতৃত্বে ও সহযোগিতায় পাকিস্তানি সেনা ও রাজাকাররা হত্যা, অগ্নিসংযোগ, লুট, ধর্ষণসহ মানবতাবিরোধী এমন নানা অপরাধ করে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, সাঈদী আরবি ও উর্দু ভাষায় পারদর্শী এবং বাকপটু হওয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। দ্রুত তিনি রাজাকার বাহিনীর কমান্ডার হতে সক্ষম হন। সাঈদী শতাধিক হিন্দুধর্মাবলম্বীকে জোর করে ধর্মান্তরিত করেন এবং তাঁদের মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধ্য করেন। মুক্তিযুদ্ধের পর তাঁরা আবার নিজ ধর্মে ফিরেছেন।উদ্বোধনী বক্তব্যে আরও বলা হয়, মুক্তিযুদ্ধ শেষ হলে সাঈদী নিজের অপরাধ আড়াল করতে অস্ত্রসহ যশোরের মো. রওশন আলীর বাড়িতে আত্মগোপন করেন। পরে তাঁর অপরাধের বিষয়টি জানাজানি হলে তিনি পরিবার নিয়ে অন্যত্র চলে যান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর তিনি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন।৩ অক্টোবর ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হয়। রোববার উদ্বোধনী বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও গতকাল পর্যন্ত উদ্বোধনী বক্তব্য পড়া শেষ হয়েছে।