সাঈদীর পক্ষে তৃতীয় সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ কাল
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে তৃতীয় সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে কাল সোমবার। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ রোববার সাঈদীর পক্ষে তৃতীয় সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। আসামিপক্ষের সাক্ষী না আসায় কাল মামলার পরবর্তী দিন ধার্য করা হয়।এ ছাড়া সাঈদীর মামলার পুনর্বিচার চেয়ে আসামিপক্ষের করা একটি আবেদন আজ খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।সাঈদীর পক্ষে এরই মধ্যে মো. শামসুল আলম তালুকদার ও আবদুর রাজ্জাক আকন্দ সাফাই সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ গত ১৪ আগস্ট ট্রাইব্যুনাল-১-এ ৪৮ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করে। ট্রাইব্যুনাল সাক্ষীর সংখ্যা ২০ জন নির্ধারণ করে দেন। গত বছরের ১৪ জুলাই সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। ৩ অক্টোবর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ২০টি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। ১৯ নভেম্বর সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য নেওয়া শুরু হয়।সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানো হয়। খবর বাসসের।