সাঈদীর পক্ষে সাক্ষ্য দিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী গণেশ চন্দ্র সাহা আসামিপক্ষের সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে আসামিপক্ষের ১৭তম সাক্ষী গণেশ বলেন, তাঁর মাকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা। সাঈদী তাঁর মাকে মারেননি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত ভাগীরথী সাহার ছেলে তিনি।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ মঙ্গলবার গণেশ চন্দ্র সাহার জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল হক। এ সময় সাঈদী আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।গণেশের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এই মামলায় পরবর্তী ধাপ যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য রয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হবে।রাষ্ট্রপক্ষের এক আইনজীবী প্রথম আলো ডটকমকে জানান, এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর তালিকায় গণেশ চন্দ্রের নাম ছিল। আসামিপক্ষ প্রথমে তাঁদের যে ৪৮ জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছিল, সেখানে গণেশের নাম ছিল না।সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ‘প্রথম আলো’কে বলেন, ‘মামলা চলাকালে আমরা ট্রাইব্যুনালে অভিযোগ করেছিলাম রাষ্ট্রপক্ষের কয়েকজন সাক্ষীকে পাওয়া যাচ্ছে না, আসামিপক্ষ থেকে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে। অর্থের বিনিময়ে তাঁদের সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। রাষ্ট্রপক্ষের তালিকাভুক্ত সাক্ষী হয়েও আসামিপক্ষের সাক্ষী হিসেবে গণেশের সাক্ষ্য দেওয়া ওই অভিযোগ প্রমাণ করে। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের সময় তাঁকে খুঁজে পাওয়া যায়নি।’ তিনি বলেন, গণেশ চন্দ্র সাহাকে টাকার বিনিময়ে আসামিপক্ষ সাক্ষ্য দিতে নিয়ে এসেছে।এ অভিযোগ অস্বীকার করে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘কোনো ব্যক্তি তাঁর মায়ের মৃত্যু নিয়ে মিথ্যা বলতে পারে না। তাঁর মা ভাগীরথী সাহার নাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, অনেক নাটক ও বইয়ে আছে। তাঁর মায়ের হত্যার সঙ্গে সাঈদীর কোনো সম্পর্ক ছিল না।’ তিনি বলেন, সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের কাছে তাঁর মায়ের মৃত্যুর বর্ণনা দেওয়ার পর তাঁকে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হলে তিনি রাজি হননি। তাই তিনি রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য না দিয়ে সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন।গত বছরের ৩ অক্টোবর এই মামলার বিচারকাজ শুরু হয়। ঘটনার ও জব্দ তালিকা মিলিয়ে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন ২৭ জন। আসামিপক্ষে সাক্ষ্য দিলেন ১৭ জন।