সাঈদীর পক্ষে সাক্ষ্য দেবেন ২০ জন, শুরু ২৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষে ২০ জন সাফাই সাক্ষ্য দিতে পারবেন। ২৮ আগস্ট থেকে সাফাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার পরবর্তী পর্যায়ের কার্যক্রম হিসেবে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ করার দিন ধার্য করা হবে। ইতিমধ্যে আসামিপক্ষ সাক্ষীদের তালিকা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। এই মামলার আসামির বিরুদ্ধে ২০টি অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ২৮ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তদন্ত কর্মকর্তা বাদে রাষ্ট্রপক্ষের ২৭ সাক্ষীর মধ্যে ২০ জন ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন, বাকি সাতজন জব্দ তালিকার সাক্ষী। দেখা যাচ্ছে, ২০টি অভিযোগের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষে ২০ জন সাক্ষ্য দিয়েছে। ট্রাইব্যুনাল মনে করেন, আসামিপক্ষেও ২০ জনকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া হলে ন্যায়বিচার নিশ্চিত হবে। সাফাই সাক্ষীদের তালিকা থেকে যে ২০ জনকে আসামিপক্ষ ট্রাইব্যুনালে হাজির করতে চান, তার একটি তালিকা ২৩ আগস্টের মধ্যে জমা দিতে হবে। ২৮ আগস্ট থেকে আসামিপক্ষের এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম এই আদেশের বিরোধিতা করে বলেন, সাঈদীর পক্ষে ৪৮ জন সাক্ষীর তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে মাত্র ২০ জন সাক্ষী দিয়ে কীভাবে তাঁকে (সাঈদী) নির্দোষ প্রমাণ করা সম্ভব? এ আদেশ দেওয়া হলে সবচেয়ে বড় অন্যায় করা হবে।এ সময় ট্রাইব্যুনাল বলেন, বিশ্বজুড়ে সাক্ষী হাজিরার ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। তাজুল বলেন, এটা দেশীয় আদালত, আন্তর্জাতিক আদালত নয়। এ ছাড়া রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অবস্থান ব্যাখ্যা করতে দিতে হবে। ট্রাইব্যুনাল বলেন, আসামি সবশেষে তাঁর অবস্থান ব্যাখ্যা করবেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে এটা করা হয়। কিন্তু এখানে এই বিধান প্রযোজ্য নয়। এ ছাড়া ৯৯ শতাংশ ফৌজদারি মামলায় সাফাই সাক্ষী দেওয়া হয় না, এখানে সাফাই সাক্ষী দেওয়ার জন্য বিধান করা আছে।এরপর আসামিপক্ষের আইনজীবী বলেন, ২০ জন সাক্ষী বেঁধে দেওয়া হলে সেটা হবে গিলোটিনে দেওয়ার মতো। ন্যায়বিচারকে কবর দেওয়া হবে। ট্রাইব্যুনাল বলেন, তাহলে ১০ হাজার সাক্ষী আনলে সেটা মেনে নিতে হবে? আইনজীবী বলেন, ১০ হাজার সাক্ষীর তালিকা দেওয়ার অধিকার আসামিপক্ষের আছে? ট্রাইব্যুনাল মনে করলে সাক্ষী হাজিরের সময় ব্যবস্থা নিতে পারতেন। এ ছাড়া সাঈদীর পক্ষে মাত্র ৪৮ জন সাক্ষীর তালিকা দেওয়া হয়েছে।এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, এতে আসামিপক্ষ ক্ষতিগ্রস্ত হবে না। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তখনো আসামিপক্ষ অনেক বিতর্ক করেছিল। কিন্তু পরে প্রয়োজন অনুসারে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রেও প্রয়োজন হলে সাক্ষীর সংখ্যা বিবেচনা করা হবে। তাজুল ইসলাম বলেন, এই আদালতের কোনো তাড়াহুড়ো নেই। সংবিধানের কাছে ছাড়া কোনো জবাবদিহি নেই। সাক্ষীদের সংখ্যা নির্দিষ্ট করার দরকার নেই। এ ছাড়া রাষ্ট্রপক্ষের আরও ১৬ জন সাক্ষীর জবানবন্দি তাঁদের অনুপস্থিতিতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে। এর পর ট্রাইব্যুনাল বলেন, আদেশ বহাল থাকবে। অতিরিক্ত সাক্ষীর বিষয়ে পরে বিবেচনা করা হবে।গতকাল ট্রাইব্যুনাল আসামিপক্ষের কয়েকটি আবেদন নিষ্পত্তি করেন। এর মধ্যে কারাগারে গিয়ে সাঈদীর সঙ্গে মামলার বিষয়ে আইনজীবীদের আলোচনার আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেন। ফলে ২৩ আগস্ট দুজন আইনজীবী কারাগারে গিয়ে সাঈদীর সঙ্গে মামলার বিষয়ে আলোচনা করতে পারবেন। বাকি পাঁচটি আবেদন রেকর্ডভুক্ত করা হয়।শারীরিক কারণে গতকালও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।