সাঈদীর ফাঁসি, খুন-ধর্ষণের আট অভিযোগ প্রমাণিত
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় রায়। আর ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলার মধ্যে এটি প্রথম রায়। আগের দুটি রায় এসেছিল ট্রাইব্যুনাল-২ থেকে। তাতে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চুকে মৃত্যুদণ্ড এবং গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দণ্ড দেওয়া হয়নি।রায় ঘোষণার দিন ধার্য হওয়ার সঙ্গে সঙ্গে গতকাল জামায়াত সারা দেশে হরতালের ডাক দেয়। শাহবাগের গণজাগরণ মঞ্চের তরুণ প্রজন্ম এবং ক্ষমতাসীন মহাজোটভুক্ত ১৪ দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন জনগণের প্রতি এই হরতাল প্রত্যাখ্যান ও প্রতিরোধের ডাক দেয়। সেই ডাকে মানুষের সাড়া মেলে। সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর সারা দেশে জনতা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে, মিষ্টি বিতরণ করে। শাহবাগে গণজাগরণ মঞ্চে রায়ের খবর আসার সঙ্গে সঙ্গে আনন্দের বন্যা বয়ে যায়। অনেক মুক্তিযোদ্ধা এবং জাগরণ মঞ্চের যেসব কর্মী ২৪ দিন ধরে রাজপথে অহিংস আন্দোলন করছেন, তাঁদের অনেকে আনন্দে কেঁদে ফেলেন। এদিকে রায়ের পরপরই জামায়াত-শিবির ব্যাপক সহিংসতা শুরু করে। দেশের বিভিন্ন স্থানে তারা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করে। নোয়াখালীতে তারা হিন্দুদের বাড়িঘরে আগুন দেয়, মন্দির ভাঙচুর করে। বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। সারা দিন শান্ত থাকলেও রাতে তারা রাজধানীতে চোরাগোপ্তা হামলা শুরু করে।রায়: সাঈদীর রায় ঘোষণার দিন পূর্বনির্ধারিত থাকায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল ঘিরেও ছিল ব্যাপক নিরাপত্তা।বেলা ১১টা ১০ মিনিটে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবী, সাংবাদিক, পর্যবেক্ষকসহ প্রায় সাড়ে তিন শ মানুষে ঠাসা এজলাসে সাঈদীকে আসামির কাঠগড়ায় আনা হয়। ভাবলেশহীন সাঈদীর পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামার ওপরে কালো কটি, মাথায় টুপি। কাঠগড়ায় রাখা চেয়ারে বসেন তিনি। এক মিনিটের মধ্যে আদালতকক্ষে আসেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।আসন গ্রহণ করার পর বিচারপতি এ টি এম ফজলে কবীর বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) যে রায় দিতে যাচ্ছি, তার আগে দুটো কথা বলতে চাই। এই মামলার আসামি দেলাওয়ার হোসাইন সাঈদী, তাঁর পরিচয় বলার কোনো দরকার নাই। ওনার ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ যান। তিনি শুধু প্রখ্যাত মওলানা নন, তিনি দুইবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির। প্রশ্ন আসতে পারে, আমরা কি জামায়াতের নায়েবে আমির বা সাংসদ হিসেবে তাঁর বিচার করছি? উত্তর, না। আসুন, আমরা ফিরে যাই ৪০ বছর আগে। তখন সাঈদী ৩০ বছরের যুবক ছিলেন। পিরোজপুরের সাউথখালি গ্রামে তাঁর বাড়ি, বিবাহিত ও এক সন্তানের জনক। তখন তিনি ধর্মীয় বা রাজনৈতিক নেতা ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। গ্রামের লোকেরা তাঁকে দেলু বলে ডাকত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পিরোজপুরের শান্তি কমিটির সদস্য ছিলেন। তিনি আলিম পাস, উর্দুতে ভালো কথা বলতে পারতেন। তাই পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ তৈরি হয়।’বিচারপতি বলেন, ‘তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আমরা সেই ৩০ বছরের যুবকের বিচার করছি, বর্তমানের সাঈদীর বিচার করছি না। তাঁর বিরুদ্ধে যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁরা গ্রামের নিরীহ লোক, সাধারণ মানুষ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন ২৮ জন, তাঁর পক্ষে সাক্ষ্য দিয়েছেন ১৭ জন। এসব সাক্ষ্য পর্যালোচনা করে শুধুমাত্র সাক্ষ্যের ওপর ভিত্তি করে রায় দেওয়া হচ্ছে।’বিচারপতি এ টি এম ফজলে কবীর আরও বলেন, মূল রায় ১২০ পৃষ্ঠার। এখানে সংক্ষিপ্ত রায় পড়া হবে। বেলা ১১টা ২১ মিনিটে ৫৬ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি আনোয়ারুল হক। রায়ের প্রথমাংশে তিনি মামলার কার্যক্রমের বিবরণ ও একাত্তরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।বিচারপতি আনোয়ারুল হক রায়ের পরবর্তী অংশে কয়েকটি আইনি প্রশ্নের ব্যাখ্যা দেন। সাঈদী কীভাবে একাত্তরে স্থানীয় রাজাকার বাহিনী বা শান্তি কমিটির সদস্য ছিলেন, সে ব্যাখ্যাও সেখানে দেওয়া হয়। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের প্রথম ১১ জন সাক্ষীর কাছ থেকে জানা যায়, সাঈদী পিরোজপুরের পারেরহাট শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। এ ছাড়া এই ট্রাইব্যুনালে বিচারাধীন জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষ শান্তি কমিটি ১৯৭১ নামে একটি বই দাখিল করেছে। আসামিপক্ষের দেওয়া সেই বইয়েও পিরোজপুর জেলার রাজাকারদের তালিকায় সাঈদীর নাম রয়েছে। তিনি ২৮ পৃষ্ঠা পর্যন্ত পড়েন। দুপুর সোয়া ১২টা থেকে রায় পড়া শুরু করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। তিনি রায়ের ২৯ থেকে ৫৬ পৃষ্ঠা পর্যন্ত পড়েন। একটা ২০ মিনিট থেকে পড়েন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তিনি দণ্ড ঘোষণা করেন।আট অভিযোগ প্রমাণিত: সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এগুলো হলো: ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬ ও ১৯ নম্বর অভিযোগ। এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগ হত্যার, ১৪ ও ১৬ নম্বর অভিযোগ ধর্ষণের এবং ১৯ নম্বর অভিযোগ ধর্মান্তরিত করার। বাকিগুলো নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠন এবং এ ধরনের অপরাধে সহযোগিতার অভিযোগ।অষ্টম অভিযোগ হলো একাত্তরের ৮ মে ইব্রাহিম কুট্টিকে হত্যা এবং পিরোজপুরের পারেরহাট এলাকায় হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ। অভিযোগটির মীমাংসা করে ট্রাইব্যুনাল বলেন, এ বিষয়ে রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষীর (২, ৪, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর) সাক্ষ্য বিশ্লেষণ করে দেখা যায়, ওই দিন পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকাররা পারেরহাট বন্দরের বাদুরিয়া ও চিথোলিয়া গ্রামের অনেক বাড়ি লুণ্ঠনের পর আগুন দেয়। সাঈদী ও অন্য রাজাকাররা ঘটনাস্থলে ইব্রাহিম কুট্টি ও মফিজউদ্দিন পসারিকে ধরে রাজাকার ক্যাম্পের দিকে রওনা হন। কিন্তু পথে কুট্টিকে গুলি করে হত্যা করা হয়। আর মফিজউদ্দিনকে ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হয়। তবে রাতে মফিজউদ্দিন ক্যাম্প থেকে পালাতে সক্ষম হন। তিনি কুট্টি হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী। তাঁর পুঙ্খানুপুঙ্খ বক্তব্য অবিশ্বাস করার কোনো কারণ ট্রাইব্যুনাল পাননি।দশম অভিযোগ হলো, একাত্তরের ২ জুন বিসাবালিকে হত্যা এবং উমেদপুর হিন্দুপাড়ার ২৪টি বাড়িতে অগ্নিসংযোগ। এই অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষে তিন সাক্ষী (১, ৫ ও ৯ নম্বর) সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য বিশ্লেষণে জানা যায়, ওই দিন পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকারদের নিয়ে সাঈদী উমেদপুর হিন্দুপাড়ায় লুণ্ঠনের পর প্রায় ২৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেন। রাজাকাররা বিসাবালিকে নারকেলগাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে, সাঈদীর উসকানিতে পরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মাহতাবউদ্দিন হাওলাদার এবং নবম সাক্ষী আলতাব হোসেন হাওলাদার ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। তাঁদের বর্ণনা স্পষ্টতই প্রমাণ করে, হত্যাকাণ্ড সংঘটনে আসামির সংশ্লিষ্টতা ছিল। অগ্নিসংযোগের ধরনে বোঝা যায়, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত।১৪ নম্বর অভিযোগ অনুসারে, মুক্তিযুদ্ধের শেষ দিকে সাঈদী হোগলাবুনিয়ার হিন্দুপাড়ায় এক নারীকে ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেন। এ অভিযোগে রাষ্ট্রপক্ষে ১, ৩, ৪ ও ২৩ নম্বর সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ২৩তম সাক্ষীর সাক্ষ্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি তাঁর স্ত্রীকে ধর্ষণের বিষয়ে দেওয়া সাক্ষ্যে বলেছেন, সাঈদীসহ অন্য রাজাকাররা যখন তাঁর বাড়িতে হামলা চালায়, তখন তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরলে স্ত্রী জানান, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। কে করেছে জানতে চাইলে স্ত্রী বলেন, যিনি তাঁকে (স্বামীকে) ধর্মান্তরিত করেছিল, তিনিই ধর্ষণ করেছেন।সাঈদীর বিরুদ্ধে ১৬ নম্বর অভিযোগ ছিল—তিন নারীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ। এ অভিযোগের পক্ষে পাওয়া সাক্ষ্য বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল বলেন, ওই তিন নারীকে অপহরণ করার পর যৌন নির্যাতনের ঘটনায় আসামি অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন, যা একটি মানবতাবিরোধী অপরাধ।ধর্মান্তরিত করার ১৯তম অভিযোগ অনুসারে, সাঈদী প্রভাব খাটিয়ে পারেরহাটসহ অন্য গ্রামের ১০০-১৫০ হিন্দুকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেন। এঁরা হলেন: মধুসূদন ঘরামী, কৃষ্ট সাহা, গণেশ সাহা, অজিত কুমার শীল, বিপদ সাহা, নারায়ণ সাহা, গৌরাঙ্গ পাল, সুনীল পাল, নারায়ণ পাল, অমূল্য হাওলাদার, হরি রায়, শান্তি রায় গুরণ, ফকির দাস, তনা দাস, গৌরাঙ্গ সাহা ও তাঁর বাবা হরিদাস, মাসহ তিন বোন প্রমুখ। এই অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের পাঁচ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ১৩তম সাক্ষী গৌরাঙ্গ চন্দ্র সাহা ও ২৩তম সাক্ষী মধুসূদন ঘরামী এ ঘটনার শিকার হন। বাকিদের সাক্ষ্য এ অভিযোগকে সমর্থন করে। পবিত্র কোরআনের শিক্ষা অনুসারে, অন্য ধর্মের অনুসারীদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না। সাঈদীর বিরুদ্ধে ষষ্ঠ অভিযোগ, মাখনলাল সাহার ২২ সের স্বর্ণ লুট করার, সপ্তম অভিযোগ মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সেলিমকে নির্যাতন ও তাঁর বাড়ি লুণ্ঠনের পর অগ্নিসংযোগ এবং ১১তম অভিযোগ ছিল—মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম হাওলাদারের বাড়িতে হামলা ও লুণ্ঠন। প্রাপ্ত সাক্ষ্যের ভিত্তিতে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে।প্রমাণিত হয়নি ১২ অভিযোগ: সাঈদীর বিরুদ্ধে গঠিত ১ থেকে ৫ এবং ৯, ১২, ১৩, ১৫, ১৭, ১৮ ও ২০ নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি। এর মধ্যে গণহত্যার চারটি (২, ৪, ১২, ১৫), ধর্ষণের দুটি (১৭ ও ২০) ও হত্যার (১, ৫, ১৩ ও ১৮) চারটি অভিযোগ আছে। বাকি দুটি অভিযোগ লুটপাটের।শুরুতে প্রথম থেকে চতুর্থ ও ১৩তম অভিযোগের মীমাংসা করেন ট্রাইব্যুনাল। এ পাঁচটি অভিযোগের প্রসঙ্গে রায়ে বলা হয়, এসব অভিযোগের পক্ষে তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর জবানবন্দি ছাড়া রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করতে পারেনি। ফলে আসামিপক্ষ এসব সাক্ষীর বক্তব্য যাচাইয়ের কোনো সুযোগ পায়নি। ট্রাইব্যুনাল মনে করেন, ওই জবানবন্দি হয়তো কোনো অভিযোগের জন্য অতিরিক্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা সম্ভব, কিন্তু শুধু তাঁর ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না। সাঈদীর বিরুদ্ধে পঞ্চম অভিযোগ পিরোজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাইফ মিজানুর রহমান, এসডিপিও ফয়জুর রহমান আহমেদ (কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাবা) এবং ভারপ্রাপ্ত এসডিও আবদুর রাজ্জাককে গুলি করে হত্যার। এই অভিযোগে রাষ্ট্রপক্ষে মাত্র একজন সাক্ষ্য দিয়েছেন। তিনি কেবল ঘটনাটি শুনেছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান।নবম অভিযোগ অনুসারে, একাত্তরের ২ জুন সাঈদী ও তাঁর সশস্ত্র সহযোগীরা নলবুনিয়া গ্রামের আবদুল হালিম বাবুলের বাড়ি লুট করে অগ্নিসংযোগ করেন। ১২তম অভিযোগ হলো পারেরহাট বাজারের ১৪ হিন্দুকে গুলি করে লাশ নদীতে ফেলে দেওয়া। ১৫তম অভিযোগ হোগলাবুনিয়া গ্রামের ১০ হিন্দুকে হত্যার, ১৭তম অভিযোগ পারেরহাটের এক নারীকে নিয়মিত ধর্ষণের। ১৮তম অভিযোগে বলা হয়েছে, একাত্তরে ভাগীরথী পাকিস্তানি সেনাদের ক্যাম্পে কাজ করত। সাঈদী একদিন খবর দেন, ভাগীরথী মুক্তিযোদ্ধাদের নিয়মিত নানা খবরাখবর দেন। পাকিস্তানি সেনারা তাঁকে হত্যা করে লাশ বলেশ্বর নদে ফেলে দেয়। ২০তম অভিযোগ হলো তালুকদার বাড়িতে ৮৫ জনকে আটক এবং নারী ধর্ষণের।ট্রাইব্যুনাল বলেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণের অভাবে রাষ্ট্রপক্ষ এসব অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।দোষী সাব্যস্তকরণ ও শাস্তি: রায়ে বলা হয়, প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণ, নথি ও যুক্তির ভিত্তিতে ট্রাইব্যুনাল মনে করেন, সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ধর্মান্তরিত করা এবং এ ধরনের অপরাধে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে অষ্টম অভিযোগে ইব্রাহিম কুট্টি ও দশম অভিযোগে বিসাবালি হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধের গভীরতা ও গুরুত্ব বিবেচনা করে ট্রাইব্যুনাল মনে করেন, আসামির সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।চূড়ান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেন, আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। বাকি ছয়টি অভিযোগ প্রমাণিত হলেও তা মৃত্যুদণ্ড পাওয়ার মতো নয়। তাই এগুলোতে তাঁকে আলাদা কোনো শাস্তি দেওয়া হলো না। প্রমাণিত না হওয়া ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দেওয়া হলো।বেলা একটা ৪৫ মিনিটে সংক্ষিপ্ত রায় ঘোষণা শেষ হয়। আসন ছেড়ে বিচারকদের চলে যাওয়ার আগেই আসামির কাঠগড়ায় উঠে দাঁড়ান সাঈদী। তিনি বলেন, ‘মাননীয় আদালত, শপথ ও নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আপনারা বিচার করতে পারেননি। শাহবাগের কয়েকজন...’। এতটুকু বলার সঙ্গে সঙ্গে এজলাসে উপস্থিত অনেকে চিৎকার করে সাঈদীর উদ্দেশে ‘তুই রাজাকার’ বলতে থাকেন। পুলিশ কাঠগড়া থেকে নামিয়ে সাঈদীকে হাজতখানায় নিয়ে যায়।প্রতিক্রিয়া: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ৪০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এটি একটি ঐতিহাসিক রায়। এ রায় বাংলাদেশের ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। এ রায়ের মাধ্যমে স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ ঘটেছে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। এ রায় আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, ‘এই মামলাটি সবচেয়ে বেশি সময় ধরে চলেছে। আমাদের অনেক পরিশ্রম হলেও শেষ পর্যন্ত সফল হতে পেরে আনন্দিত।’ যেসব অভিযোগ প্রমাণিত হয়নি, তার বিরুদ্ধে আপিল করবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, রায়ের কপি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক প্রথম আলোকে বলেন, ‘এই মামলাটি বানচাল করতে অনেক অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু তা সফল হয়নি। এ রায় অন্য মামলাগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন বলেন, ‘এটি ছিল মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা। শুরু থেকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। গ্রামে গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করেছি। মনে হয়েছে পরিশ্রম বৃথা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার পেয়েছে।’ সাঈদীর ছেলে মাসুদ সাঈদী প্রতিক্রিয়ায় বলেন, ‘কোন অপরাধে আমার বাবার মৃত্যুদণ্ড হলো, সেটা আমি বুঝতে পারছি না।’ তিনি দাবি করেন, ‘একাত্তরে তিনি কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না। একজন সাধারণ মানুষের পক্ষে পিরোজপুরে এত তাণ্ডব চালানো সম্ভব নয়। তিনি একজন জনপ্রিয় মানুষ। রাজনৈতিকভাবে তৃতীয় কোনো পক্ষকে খুশি করতেই এমন রায় দেওয়া দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে আপিল করব।’