সাঈদীর বিচার শুরু
মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ৩০ অক্টোবর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২০টি অভিযোগ গঠন করে আদেশ দেন। এগুলোর মধ্যে রয়েছে: মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং এ ধরনের কাজে সহায়তা করার অভিযোগ। তবে এসব অভিযোগ মিথ্যা উল্লেখ করে সাঈদী নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন।অভিযোগ গঠন শেষে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র মো. শাহিনুর ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ গঠনের আদেশের মাধ্যমে এই মামলার বিচারকাজ শুরু হয়েছে বলা যায়।সাঈদীর বিরুদ্ধে এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার দেড় বছরের বেশি সময় পরে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সময় পূর্বনির্ধারিত থাকায় সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।অভিযোগ গঠনের আদেশ: আদেশের শুরুতে ট্রাইব্যুনাল ১৯৪৭ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। এরপর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীর বিচার-প্রক্রিয়ার প্রেক্ষাপট এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য তুলে ধরা হয়। আদেশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এ অপরাধের সংজ্ঞাগুলো পূর্ণাঙ্গ ও স্পষ্ট। বিশ্বজুড়ে আন্তর্জাতিক অপরাধ আইনের সঙ্গে মিল রেখে ১৯৭৩ সালে আইনটি করা হয়েছিল। তবে বিচারিক উন্নয়নের জন্য ট্রাইব্যুনাল মনে করলে অন্য জায়গা থেকে নির্দেশনা নিতে পারেন। এর আগে আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেছিলেন, আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা স্পষ্ট নয়।ট্রাইব্যুনালের আদেশ অনুসারে, নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদের (আইসিসিপিআর) ১৪ অনুচ্ছেদ এবং দেশের আইন ও বিধিমালা সংগতিপূর্ণ। এর আগে আসামিপক্ষ শুনানিতে উল্লেখ করে, আইসিসিপিআরে দেওয়া নাগরিকদের অধিকার দেশের আইন ও বিধিতে দেওয়া হয়নি।আদেশ অনুসারে, আনুষ্ঠানিক অভিযোগ এবং অন্য নথি ও সাক্ষীর বক্তব্য বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল মনে করেন, সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য পর্যাপ্ত যুক্তি আছে। তিনি আইনের ৩(২) ধারায় বর্ণিত অপরাধসমূহে অভিযুক্ত।আদেশের পরবর্তী অংশে ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগ ধারাবাহিকভাবে বর্ণনা করেন।সাঈদীর বক্তব্য: অভিযোগ গঠনের পর ট্রাইব্যুনাল সাঈদীকে নির্দোষিতা স্বীকারের সুযোগ দেন। সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, অভিযোগগুলো বাংলায় পড়তে হবে, সাঈদীকে অভিযোগ বোঝার সময় দিতে হবে এবং আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে।এ সময় সাঈদীকে কাঠগড়ায় নিয়ে আসা হয়। তিনি ট্রাইব্যুনালের কাছে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ চান। ট্রাইব্যুনাল সে আবেদন নাকচ করে দেন। তখন সাঈদী ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।সাঈদী বলেন, ‘আমাকে গ্রেপ্তারের পর থেকে যা হচ্ছে তা বর্তমান সময়ের শ্রেষ্ঠ মিথ্যাচার। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’ ১৯৮০ সালে জামায়াতের মজলিসে শুরার সদস্য হওয়ার পর থেকে রাজাকার বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কোনো দিনই রাজাকার ছিলাম না। ভারতীয় রাজাকাররাই আমাকে রাজাকার বলে। আর কিছু কলামিস্ট ও বুদ্ধিজীবী মিডিয়াকে প্রভাবিত করে আমাকে রাজাকার বলছে।’মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করে সাঈদী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ তো দূরের কথা, ৪০ বছর ধরে মানবতার পক্ষে কথা বলতে আমি বিশ্বের অর্ধশত দেশে ঘুরে বেড়িয়েছি। আমি কস্মিনকালেও রাজাকার ছিলাম না। আমার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের প্রতিটি বাক্য, লাইন, শব্দ মিথ্যা। এই মামলার বাদী, সাক্ষী মিথ্যা।’ বক্তব্যের শেষে সাঈদী বলেন, ‘আমি নির্দোষ’।সাঈদীর বক্তব্য শেষ হলে ট্রাইব্যুনাল ৩০ অক্টোবর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের উদ্বোধনী বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আদেশ অনুসারে, ওই দিন থেকে প্রতি কার্যদিবসে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলবে। সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, তা জানতে সকালেই ট্রাইব্যুনালে পর্যবেক্ষকদের ভিড় ছিল। বসার জায়গা না থাকায় অনেকেই দাঁড়িয়ে অভিযোগ গঠনের আদেশ শোনেন। অভিযোগ গঠন করে আদেশ দেওয়ার সময় এজলাসকক্ষে ছিল পিনপতন নীরবতা। প্রতিক্রিয়া: সাঈদীর আনুষ্ঠানিক বিচার শুরু হওয়াকে স্বাগত জানিয়েছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন সংগঠন।সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘দেরিতে হলেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে, এটাকে স্বাগত জানাই। বিচার কবে শেষ হবে জানি না। তবে আমরা মনে করি, যুদ্ধাপরাধের বিচার-কার্যক্রম আরও ব্যাপকতর করতে হবে। ট্রাইব্যুনালের জনবল, রাষ্ট্রপক্ষের কৌঁসুলির সংখ্যা আরও বাড়াতে হবে।’নিউএজের বিরুদ্ধে রুল: দিনের কার্যক্রম শুরু হলে ট্রাইব্যুনাল ১ অক্টোবর ইংরেজি দৈনিক নিউএজ-এ প্রকাশিত ‘এ ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামের একটি প্রতিবেদন সবার দৃষ্টি আকর্ষণ করে। এরপর আদেশে বলা হয়, ওই প্রতিবেদনের বক্তব্যের মধ্য দিয়ে ট্রাইব্যুনালের অবমাননা করা হয়েছে। ট্রাইব্যুনাল মনে করেন, পুরো প্রতিবেদনটি মানুষের কাছে ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য করা হয়েছে। এ জন্য ওই প্রতিবেদনের লেখক ডেভিড বার্গম্যান, নিউএজ-এর সম্পাদক নুরুল কবির এবং প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আইনের ১১(৪) ধারা অনুসারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন। ২৩ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালের কাছে এই ব্যাখ্যা দিতে হবে।আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ১১(৪) ধারা অনুসারে, কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের অবমাননা করে কোনো কাজ করলে বা বক্তব্য দিলে ট্রাইব্যুনাল তাঁকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তি দিতে পারেন।