সাঈদীর বিচার শুরুর প্রতিবাদে জামায়াতের নতুন কর্মসূচি
১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার শুরুর প্রতিবাদে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে—১১ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ এবং ১২ ও ১৩ সেপ্টেম্বর জেলা ও উপজেলা শহরে প্রতিবাদ সমাবেশ।উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষের আইনজীবীদের শুনানি শুরু হবে। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উত্থাপন করে শুনানি করেন। সংবাদ সম্মেলনে আজহার দাবি করেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৭১ সালে কোনো যুদ্ধাপরাধ করেননি। ওই সময় তিনি কোনো দলের সঙ্গেও জড়িত ছিলেন না। কিন্তু সরকার দ্রুত প্রহসনের বিচার করে সাঈদীসহ জামায়াত নেতাদের শাস্তি দেওয়ার প্রয়াস চালাচ্ছে।’ আজহার অভিযোগ করে বলেন, ‘ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম পক্ষপাত দুষ্ট। তিনি ১৯৯২ সালে গণ-আদালতের সঙ্গে যুক্ত ছিলেন। অন্য বিচারপতিরাও আচরণ-বিধি অনুসরণ করছেন না। ট্রাইব্যুনালের তদন্ত দলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ট্রাইব্যুনালের বর্তমান আইন একটি কালো আইন, এতে ন্যায়বিচার পাওয়া যাবে না।’