সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আগামী ৩ অক্টোবর আদেশ দেওয়া হবে। আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ দিন ধার্য করেন।সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সকাল ১০টা ৪০ মিনিটে শুরু হয়ে চলে বেলা পৌনে একটা পর্যন্ত। আজকের শুনানিতে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম অভিযোগ গঠনের বিরোধিতা করে আবারও বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলীর যুক্তি খণ্ডন করে বলেন, ‘ট্রাইব্যুনালের আইনে ও বিধিমালায় যে সীমাবদ্ধতা আছে, অপরাধ সংজ্ঞায়নের ক্ষেত্রে সুনির্দিষ্টতার যে অভাব আছে সেগুলো ঠিক না করে অভিযোগ গঠন করা সম্ভব নয়। এছাড়া কোন অপরাধের কারণে অভিযোগ গঠন হবে সেটি নির্দিষ্ট না। এ জন্য অভিযোগ গঠন সম্ভব না।’শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ৩ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করেন। এর আগে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাঈদীকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়।