সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুপুর পৌনে ১২টার দিকে এ শুনানি শুরু হয়। তবে সাক্ষীদের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র রাষ্ট্রপক্ষ সরবরাহ করতে না পারায় আজ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।শুনানির দিন পূর্বনির্ধারিত থাকায় সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়। সকাল সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। প্রথমে সাঈদীর আইনজীবী তানভীর আহমেদ আল-আমীনের করা জামিন আবেদনের শুনানি হয়। ট্রাইব্যুনাল এই আবেদন খারিজ করেন। এ নিয়ে ষষ্ঠবারের মতো সাঈদীর জামিনের আবেদন খারিজ হলো।পরে জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি মুলতবির আবেদন করেন। তিনি বলেন, আনুষ্ঠানিক অভিযোগের (ফরমাল চার্জ) সব পাঠযোগ্য অনুলিপি সরবরাহ করা না হলে অভিযোগ গঠনের শুনানি করা সম্ভব নয়। এ ছাড়া অভিযুক্তের পক্ষের আইনজীবীদের প্রস্তুতি সম্পন্ন হয়নি।এ আবেদনের বিষয়ে পরে আদেশ দেবেন উল্লেখ করে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুকে অভিযোগ গঠনের শুনানি শুরু করতে বলেন।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির নির্দেশে কৌঁসুলি সৈয়দ হায়দার আলী অভিযোগ উত্থাপন শুরু করেন। তিনি বলেন, সাঈদী নিজে ও তাঁর নেতৃত্বে একদল লোক পাকিস্তানি সেনাদের সহায়তা করেন, বিশেষ করে পিরোজপুরের হিন্দু অধ্যুষিত এলাকায় হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ চালান। ১৯৭১ সালের ৩ মে থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়। পিরোজপুর জেলার পাড়েরহাটের রাজলক্ষ্মী বিদ্যালয়ে রাজাকার ক্যাম্প স্থাপন করা হয়েছিল। আবদুল লতিফ হাওলাদার ও মোখলেস পসারির সাক্ষ্যে এ বিষয়টি উঠে এসেছে।হায়দার আলী আরও বলেন, ১৯৭১ সালের ৩ মে থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকার বাহিনী পাকিস্তানি সেনাদের সহায়তায় হিন্দু অধ্যুষিত এলাকা অবরুদ্ধ ও গুলি করে মানুষ হত্যা করে লাশ বলেশ্বর নদে ভাসিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন—এমন একজন নারীকে ধরে এনে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হয়। এসব ঘটনার সঙ্গে সাঈদীর সংশ্লিষ্টতা ছিল। গণেশ চন্দ্র সাহার সাক্ষ্যে এটি উঠে এসেছে।এ সময় ট্রাইব্যুনাল সাক্ষীদের তালিকাসহ তাঁদের জবানবন্দিসংবলিত কাগজপত্র রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে জমা দিতে বলেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পর্যাপ্ত অনুলিপি সরবরাহ করতে না পারায় ট্রাইব্যুনাল শুনানি মুলতবি করেন। আজ সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম আবার শুরু হবে।