সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৮ আগস্ট
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি হবে ১৮ আগস্ট। আজ বুধবার তাঁর আইনজীবী তানভীর আহমেদ আল-আমিনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। একই সঙ্গে আগামী ১৬ আগস্ট আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও তানভীর আহমদে আল-আমিন সারা দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাঈদীর সঙ্গে কথা বলতে পারবেন। এ সময় কারাকক্ষের ভেতর অন্য কেউ থাকতে পারবে না বলে আদেশ দেন ট্রাইব্যুনাল।আজ সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়ে চলে আধা ঘণ্টা।এ সময় তাঁর আইনজীবী ট্রাইব্যুনালে একটি আবেদন দাখিল করেন। এতে বলা হয়, গত ১৯ জুলাই আনুষ্ঠানিক অভিযোগের অনুলিপি আসামির আইনজীবীদের পাওয়ার কথা থাকলেও তাঁরা সেটি ২৭ জুলাই পেয়েছেন। এ ছাড়া ৪০০ পৃষ্ঠার এই নথির ৯৭ পৃষ্ঠা পড়ার যোগ্য নয়। আর অভিযোগ গঠনের শুনানির বিষয়ে সাঈদীর সঙ্গে আইনজীবীদের একান্তে কথা বলা দরকার। এজন্য আবেদনে ট্রাইব্যুনালের নির্দেশনা চাওয়া হয়।এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানির জন্য ওই দিন ধার্য করেন। একই সঙ্গে নথির যে ৯৭ পৃষ্ঠা পড়া যাচ্ছে না সেগুলো নতুন করে আগামী ১৪ তারিখের মধ্যে আসামিপক্ষের আইনজীবীদের কাছে সরবরাহ করাসহ ওই সব নির্দেশনা দেন। এর আগে সকাল ১০টার দিকে সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানি শেষে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আমলে নেন। এর আগে গত ১১ জুলাই ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হয়।