সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ২৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর আইনজীবী তাজুল ইসলামের করা আবেদনের ওপর শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের শুনানির জন্য অভিযুক্ত সাঈদী এবং তাঁর আইনজীবীরা প্রস্তুত নন। এ জন্য অভিযোগ গঠনের জন্য তারিখ পুনর্নির্ধারণের আবেদন জানালে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আমলে নেয়। এর আগে ১১ জুলাই ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হয়।আজ সাঈদীর আইনজীবী তানভীর আহমেদ আলামিন ১৪ জুলাই ট্রাইব্যুনালের সেই আদেশের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানান। ট্রাইব্যুনাল এ আবেদন খারিজ করে দেন। এছাড়া সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে একান্তভাবে কথা বলার সুযোগ (প্রিভিলেজ কমিউনিকেশন) দেওয়ার জন্য ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে কারা কর্তৃপক্ষ কারাবিধির ৬৮২ ও ৬৮৩ নম্বর বিধি অনুসরণ করবে। এর আগে সকাল পৌনে ১০টার দিকে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়।