সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দাখিল শুনানি ১৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে। অপরাধ আমলে নেওয়ার বিষয়ে ১৪ জুলাই শুনানি হবে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা (প্রসিকিউশন) দুপুরে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আবেদন আকারে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বেলা দুইটায় শুনানি শুরু হলে আবেদনটি উপস্থাপন করা হয়। এরপর ট্রাইব্যুনাল অপরাধ আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের আদেশে আরও বলা হয়, গত রোববার করা সাঈদীর জামিনের আবেদনের শুনানিও ১৪ জুলাই হবে।শুনানি শেষে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু উপস্থিত সাংবাদিকদের বলেন, আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারা অনুসারে সাঈদীর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, লুণ্ঠন, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।আনুষ্ঠানিক অভিযোগের অনুলিপি সরবরাহের আরজি: শুনানির সময় সাঈদীর আইনজীবী তানভির আহমেদ আল-আমিন আনুষ্ঠানিক অভিযোগের অনুলিপি সরবরাহের জন্য ট্রাইব্যুনালে আরজি জানান। তিনি বলেন, কার্যপ্রণালি বিধিমালার ১৮(৪) ধারা অনুসারে আসামিপক্ষের আইনজীবীদের প্রস্তুতির জন্য অনুলিপি দেওয়ার বিধান রয়েছে।এ সময় ট্রাইব্যুনাল বলেন, অপরাধ আমলে নেওয়ার শুনানির আগে আনুষ্ঠানিক অভিযোগের অনুলিপি দেওয়ার কোনো বিধান নেই। কারণ অপরাধ আমলে নেওয়া না হলে মামলা সেখানেই শেষ হয়ে যাবে। তবে অভিযোগ গঠনের পর আসামিপক্ষের প্রস্তুতির জন্য তিন সপ্তাহ সময় দেওয়ার বিধান রয়েছে। সে অনুসারে অনুলিপি দেওয়া হবে।এ প্রসঙ্গে পরে জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনালের বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। কারণ আনুষ্ঠানিক অভিযোগের অনুলিপি দেওয়ার সময় সুস্পষ্টভাবে বিধিতে উল্লেখ নেই।’জামায়াতের অপর চার নেতাকে হাজির করা হবে আজ: জামায়াতের অপর চার নেতা দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তাঁদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে আজ। তাঁদের জামিনের আবেদনের শুনানিও আজ হতে পারে।