সাঈদীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গতকাল সোমবার এ কথা জানিয়েছে।ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের সব কাজ শেষ হয়েছে। আজ মঙ্গলবার প্রসিকিউশন শাখার (রাষ্ট্রপক্ষের আইনজীবী) কাছে ১৫ খণ্ডের প্রতিবেদনটি জমা দেওয়া হবে।তদন্ত সংস্থার সমন্বয়ক এম সানাউল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালের ২১ জুলাই থেকে গতকাল (২০১১ সালের ৩০ মে) পর্যন্ত মোট ৩১৩ দিন ধরে সাঈদীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হয়। এ সময় তদন্ত সংস্থা ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করে। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন পত্রিকা, বই, অডিও-ভিডিও ক্যাসেট ও গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। তদন্তে সাঈদীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, ধ্বংস ও গণহত্যা সংঘটনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এসব তথ্য ১৫টি খণ্ডে সংযুক্ত করে প্রতিবেদন তৈরি করা হয়েছে।ট্রাইব্যুনালের কার্যপ্রণালী বিধি অনুসারে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনালে জমা দেবেন।গত বছরের ২৯ জুন সাঈদীকে অন্য এক মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাঁর এলাকা পিরোজপুরে গিয়ে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালায়। তদন্তের অংশ হিসেবে ১২ মে তাঁকে সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।এদিকে গতকাল আবারও ট্রাইব্যুনালে সাঈদীর জামিনের আবেদন করা হয়। তাঁর আইনজীবী তানভির আহমেদ আল-আমিন এ আবেদন করেন। জানতে চাইলে তানভির আহমেদ প্রথম আলোকে বলেন, সাঈদী শারীরিকভাবে অসুস্থ। তাঁকে গত বৃহস্পতিবার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন।এ আবেদনের বিষয়ে আজ শুনানি হবে। আজ সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করার ধার্য দিন।কামারুজ্জামানকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আবেদন: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালে গতকাল আবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে কাল বুধবার শুনানি হবে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য রয়েছে বুধবার।