মানবতাবিরোধী অপরাধের বিচার
সাঈদীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি ২০ সেপ্টেম্বর
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানির দিন আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন।সাঈদীর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আসামিপক্ষের আইনজীবীদের শুনানির ধার্য দিন ছিল গতকাল। এ জন্য তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়।জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম শুনানি মুলতবির আবেদন জানিয়ে বলেন, সাঈদীর বিরুদ্ধে ৩১টি ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর ১০টি ঘটনার ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে রাষ্ট্রপক্ষ দুটি বেসরকারি টিভি চ্যানেলের কয়েকটি প্রতিবেদনের ওপর নির্ভর করছে। কিন্তু রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ওই প্রতিবেদনগুলোর অনুলিপি আসামিপক্ষকে সরবরাহ করেননি। এ ছাড়া ট্রাইব্যুনালের নির্দেশনা থাকলেও গত ৮ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সাঈদীর সঙ্গে তাঁর আইনজীবীদের একান্তে কথা বলার সুযোগ দেয়নি।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী শুনানি মুলতবি আবেদনের বিরোধিতা করেন। দুপুরে প্রায় দেড় ঘণ্টার বিরতি দিয়ে বেলা সোয়া তিনটা পর্যন্ত শুনানি হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে বলা হয়, ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা প্রচারিত ওই প্রতিবেদনগুলোর অনুলিপি আসামিপক্ষকে সরবরাহ করবেন। ট্রাইব্যুনাল ১৮ সেপ্টেম্বর কারাগারে সাঈদীর সঙ্গে তাঁর আইনজীবীদের একান্তে কথা বলার সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষ ৪ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।