মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি কাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।বেলা পৌনে ১২টার দিকে শুনানি শুরু করেন ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু। সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনালে উত্থাপন করে আইনজীবী সৈয়দ হায়দার আলী প্রাথমিকভাবে সাঈদীর পরিচয় এবং তদন্তের বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করেন। এরপর সাক্ষীর বিবৃতি-সংক্রান্ত তালিকার অনুলিপি ট্রাইব্যুনালকে সরবরাহ করতে না পারায় শুনানি কাল পর্যন্ত মুলতবি করা হয়। এসব অনুলিপি আজ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে বলা হয়েছে।এর আগে সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হলে সাঈদীর জামিন আবেদনের শুনানি হয়। ট্রাইব্যুনাল ওই জামিন আবেদন নাকচ করেছেন। সকাল সাড়ে নয়টায় সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়।১৮ আগস্ট অভিযোগের শুনানির দিন ধার্য থাকলেও তা পুনর্নির্ধারণ করে আজ ধার্য করা হয়।